অর্ণব দাস, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ টাকা এখনও ব্যয় করতে পারেনি। এনিয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর চরম হুঁশিয়ারি, “কাজ করতে না পারলে পদ ছাড়ুন। না হলে উন্নয়নে ব্যর্থ প্রধানদের তালিকা তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন।”
বুধবার বারাসতের রবীন্দ্রভবনে উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯টি পঞ্চায়েত নিয়ে বৈঠক হয়। নারায়ণ গোস্বামী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বিডিও সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সেখানেই উন্নয়নের কাজ থমকে থাকা নিয়ে সুর চড়ান সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেন, যদি বরাদ্দ টাকা উন্নয়নে খরচ করতে না পারেন, তাহলে পদ ছেড়ে দিন। অন্যকে সুযোগ দিন। এটা মনে করার কোনও কারণ নেই আপনারা না পারলে অন্যকেউ পারবে না।
একইসঙ্গে তাঁর আল্টিমেটাম, “আগামী ১৫ দিনের মধ্যে সব টাকা খরচ করতে না পারলে আমি জেলাশাসকের থেকে সংশ্লিষ্ট প্রধানদের নাম নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাব।” প্রসঙ্গত, দুই অর্থ কমিশনের টাকা উন্নয়নের খাতে খরচ করা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় ১৩-১৪টি পঞ্চায়েতের টাকা খরচ হয়নি। তাই গত শনিবার ছুটির দিনেও সনসল পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ সরকারি আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পিনাকি রঞ্জন প্রধান। এর পরেই এদিনের বৈঠকে হুঁশিয়ারি দেন নারায়ন গোস্বামী।
এই প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য কোটি কোটি টাকা পঞ্চায়েত গুলিকে পাঠাচ্ছে। তারপরেও পঞ্চায়েত টাকা নিয়ে মাসের পর মাস বসে থাকবে, এটা মানুষের স্বার্থে কোনভাবে বরদাস্ত করা যায়না। ১৯৯টির মধ্যে ১৩-১৪টি পঞ্চায়েতকে আমরা চিহ্নিত করেছি, যাদের পারফরম্যান্স খুব খারাপ। আগামী ১৫দিনের মধ্যে এরমধ্যে যে যে পঞ্চায়েত কাজ শেষ করতে পারবে না, তাদের তালিকা জেলাশাসকের থেকে নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবো। এরপর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন।
সর্বশেষ খবর
-
নিন্দুকদের যোগ্য জবাব, ‘গাধার খাটনি’ খেটেই কামব্যাক গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধর
-
ঝরে গেল বিশ্বসঙ্গীতের নক্ষত্র! ক্যানসার যুদ্ধে হার মেনে প্রয়াত কিংবদন্তি ডলি পার্টন
-
ইরানের সঙ্গে তেল বাণিজ্যের শাস্তি! ভারতের ৪ সংস্থা, ৩ শিল্পপতির উপর নিষেধাজ্ঞা আমেরিকার
-
পুজোয় হোটেল বুক করতে গিয়ে মহা বিপদ! সাইবার ‘চোর’দের ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালেন বেহালার বাসিন্দা
-
গয়না নয় মহিলাদের, ক্লিন শেভড পুরুষ, নার্সদের পোশাকে নয়া গাইডলাইন রাজ্যের