সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সরকারি সম্পত্তি উদ্ধার হল এক বিজেপি কর্মীর দোকান থেকে। ঘটনায় পুলিশের হাতে আটক ওই বিজেপি কর্মী-সহ তিনজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার দিগম্বরপুর এলাকায়। ওই বিজেপি কর্মীর ভাঙাচোরা লোহা-লক্করের দোকান আছে বলে খবর।
রবিবার দুপুরে গোপনসূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ হানা দেয় স্থানীয় দিগম্বরপুর এলাকার এক সক্রিয় বিজেপি কর্মী বাসুদেব মণ্ডলের দোকানে। সেখান থেকেই উদ্ধার করা হয় বিদ্যুৎ দপ্তরের দু’টি ট্রান্সফর্মার, বৈদ্যুতিক তার, আর্থিং রড ও জল সরবরাহের পাইপের ভাল্ব-সহ বেশ কিছু মূল্যবান সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী সরকারি সম্পত্তি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ বিজেপি কর্মী বাসুদেব মণ্ডল ও তাঁর দোকানে মালপত্র বিক্রি করতে আসা আরও দু’জনকে আটক করে। বাজেয়াপ্ত করা জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু কীভাবে ওই বিজেপি কর্মীর দোকানে এল ওই সরকারি সরঞ্জাম?
দোকান মালিক বাসুদেব মণ্ডলের দাবি, এলাকায় বিদ্যুৎদপ্তরে কাজের দায়িত্বে থাকা জনৈক স্বদেশ বারিক দু’জন হকারের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় করেছিলেন। সেই হকারদের থেকেই তিনি ওইসব মালপত্র কিছু না বুঝেই কিনেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। আটক তিনজনকে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।
সর্বশেষ খবর
-
বিশ্ব সঙ্গীত দিবসে ‘আশা তাই’কে শ্রদ্ধার্ঘ্য রহমানের, প্রকাশ্যে গায়িকার শেষ গানের ঝলক
-
২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! বিএমডাব্লু দুমড়ে-পালটি খেয়ে মৃত ২, খণ্ডবিখণ্ড দেহ
-
প্রতিষ্ঠাদিবসের আগে আওয়ামির ঝটিকা মিছিল, তারেকের বাংলাদেশে হাসিনার দলের পুনর্জাগরণ!
-
অ্যান্টেনা-ঝিরঝির-মারাদোনা, ‘সাদাকালো’ যুগের বিশ্বকাপ শেখাত আরও বেঁধে বেঁধে থাকা
-
১০০ দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি! সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে