সৌরভ মাজি, বর্ধমান: এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওয়ার্ডের ভিতরে এক রোগীর তরুণী মেয়ের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। অভিযুক্ত বিশ্বজিৎ দে ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় ধৃতের বাড়ি। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নিগৃহীতা তরুণীর মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার থেকে মায়ের কাছেই রয়েছেন ওই তরুণী। নির্যাতিতার দাবি, রবিবার বিকেলে ওয়ার্ডের ভিতরে আসেন বিশ্বজিৎ। তারপর আচমকাই ঘরের আলো নিভিয়ে দেন। অভিযোগ, বিশ্বজিৎ নির্যাতিতাকে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। তরুণীর মুখ চেপে ধরা হয়! চিৎকার করতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ তরুণীর। কোনওক্রমে ওই ওয়ার্ডবয়ের হাত থেকে নিজেকে মুক্ত করে চিৎকার করেন নির্যাতিতা। আশপাশে থাকা লোকজন অকুস্থলে পৌঁছতেই দৌড়ে পালান বিশ্বজিৎ।
পরে ওই তরুণী পুলিশে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওয়ার্ডবয়কে। হাসপাতালের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ওয়ার্ডবয়কে। অভিযোগ, ওই তরুণী চিকিৎসা সংক্রান্ত অনৈতিক সুবিধা নিতে বার বার বিরক্ত করছিলেন বিশ্বজিৎকে। কিন্তু সেসব অনৈতিক সুবিধা তিনি দিতে চায়নি। সেই কারণেই মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। সাম্প্রতিককালে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ‘ধর্ষণ’-এর ঘটনার অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে শ্লীলতাহানির ঘটনার অভিযোগ সামনে আসে।
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির