অর্ক দে, বর্ধমান: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণহানির ঘটনায় চোখ খুলল রেল কর্তৃপক্ষের। স্টেশনের ভিতরে থাকা ব্রিটিশ আমলের ট্যাঙ্কগুলি নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। স্টেশন ছাড়াও বর্ধমানের রেলের আবাসন লোকো এলাকায় এই ধরনের কয়েকটি জলের ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কগুলির অবস্থাও শোচনীয়। কোথাও ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়ে চলেছে, কোথাও ট্যাঙ্ক বেঁকে গিয়ে বিপজ্জজনক অবস্থায় রয়েছে। এই ট্যাঙ্কগুলিই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রেলের আবাসিকদের কাছে। যদিও, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রেলের সমস্ত ট্যাঙ্ক পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে বিপজ্জনক অবস্থায় থাকা পুরনো ট্যাঙ্কগুলি ভেঙে দেওয়া হবে।
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে গিয়ে দুর্ঘটনার পর পূর্ব রেলের সমস্ত ট্যাঙ্কের স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, বর্ধমানের লোকো কলোনির ভিতরে থাকা অধিকাংশ জলের ট্যাঙ্কগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এগুলি থেকেই লোকো এলাকার বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করা হয়। এছাড়া পরবর্তীকালে কয়েকটি সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। তবে, রেলের পুরোনো ট্যাঙ্কগুলির রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্ধমান স্টেশনের ডিজেল শেডের পাশে থাকা লোকো কলোনি ঢোকার মুখে রয়েছে একটি বড় জলের ট্যাঙ্ক। বর্ধমান স্টেশনে যে ট্যাঙ্কটি ভেঙে পড়েছে তার থেকেও এই ট্যাঙ্কটির জলধারণ ক্ষমতা অনেক বেশি। ট্যাঙ্কটির একটি কোণে ফাটল দেখা দিয়েছে। সেই অংশ থেকে অনবরত জল পড়ে চলেছে। দেখা গিয়েছে, ২০২১ সালে এই জলের ট্যাঙ্কটি শেষবারের মতো পরিষ্কার করা হয়েছিল।
[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্তরাই বিজেপির পদে, তৃণমূলকে আর চোর বলতে পারব কী! ফের দলের বিরুদ্ধে বেফাঁস অনুপম]
বর্ধমান স্টেশনের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনার পর সিঁদুরে মেঘ দেখছেন এই এলাকায় বসবাসকারী রেলের আবাসিকরা। বিপজ্জনক অবস্থায় থাকা এই ট্যাঙ্ক আতঙ্ক ধরিয়েছে বাসিন্দাদের মধ্যে। ট্যাঙ্কটি থেকে কয়েক মিটার দূরত্বের মধ্যেই রয়েছে রেলের আবাসন। সেখানে অনেকে বসবাস করেন। ট্যাঙ্কটি কোনোও কারণে ভেঙে পড়লে আবাসনগুলি ক্ষতিগ্রস্থ হবে। লোকো কলোনি এলাকার বাসিন্দা বিকি বাসপর জানান, এই ট্যাঙ্কটি থেকে দীর্ঘদিন ধরেই জল পড়ে চলেছে। রেল কর্তৃপক্ষ থেকে কেউ খোঁজ রাখে না। সব সময় জল পড়ার কারণে একটি লোহার পিলারের জং পড়ে গিয়েছে। এই পিলারটি ভেঙে পড়লে পুরো ট্যাঙ্কটি ভেঙে যাবে।” অন্যদিকে, লোকো কলোনির আমবাগান এলাকায় রয়েছে আরও একটি ট্যাঙ্ক। ১০ নম্বর এই ট্যাঙ্কটির অবস্থা আরও খারাপ। দেখা গিয়েছে, ট্যাঙ্কটির স্তম্ভগুলি বেঁকে গিয়েছে। জলের চেপে ট্যাঙ্কটিরও একটি অংশ বেঁকে গিয়েছে। এই এলাকাটি জনবহুল। ট্যাঙ্কটির পাশেই রয়েছে আবাসন। যেকোনও সময় ট্যাঙ্কটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
লোকো আমবাগান এলাকার বাসিন্দা রতন মাল জানান, “কয়েক বছর আগে ট্যাঙ্কটি মেরামতের কাজ করা হয়েছিল। সেই সময় পুরনো পিলারের কিছু অংশ রেখে দিয়ে তার সঙ্গে নতুন অংশ জুড়ে দেওয়া হয়েছিল। এরপর জলের চেপে ধীরে ধীরে পিলারগুলি বেঁকে গিয়েছে। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনের ভিতরে ও বাইরে রয়েছে এই ধরনের সমস্ত জলের ট্যাঙ্কগুলির স্বাস্থ্যপরীক্ষা করা হবে। রেলের তদন্তকারী দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রয়োজনে বিপজ্জনক অবস্থায় থাকা ট্যাঙ্কগুলি ভেঙে ফেলা হবে।”
[আরও পড়ুন: খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা]
সর্বশেষ খবর
-
‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজককে
-
মেসির বাবার অসুস্থতা নিয়ে অহেতুক গুজব! বিবৃতি দিয়ে ক্ষোভ লিওর পরিবারের
-
‘যথেষ্ট কারণ রয়েছে’, টেলিগ্রাম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তে সিলমোহর, সংস্থার দাবি খারিজ আদালতে
-
আরও একা মমতা! এবার দলের সব পদ ছাড়লেন ‘দিদির প্রিয়’ জ্যোতিপ্রিয়
-
সোনাদানা-টাকাপয়সা সব লুট, রামমন্দিরে কোটি টাকার চুরিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী!