সৌরভ মাজি, বর্ধমান: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ। সকাল থেকেই রণক্ষেত্রের চেহার নিল বর্ধমান শহর। মহকুমা শাসকের দপ্তরে এদিন ছিল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়ে্ত সমিতি ও জেলা পরিষদের মনোনয়ন জমা দেওয়ার দিন। সেজন্য জেলা সিপিএমের তরফে প্রায় ৪০০ জন একযোগে মনোনয়ন জমা দিতে আসেন। অভিযোগ, তৃণমূলের তরফে বাধা পেয়ে পালটা প্রতিরোধ গড়ে তোলে সিপিএম কর্মীরা। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। এর জেরে দুই দলেরই বেশ কয়েকজন আহত হয়েছে।
[এসডিও অফিসে মনোনয়নকে কেন্দ্র করে বিঘ্নিত আদালতের কাজ, বিক্ষোভে আইনজীবীরা]
জানা গিয়েছে, শনিবার সকালে দলবেঁধে মনোনয়ন জমা দিতে আসেন সিপিএম প্রার্থীরা। সেই সময় শহরের কার্জন গেটের কাছে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে। পালটা প্রতিরোধে দু’তরফের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। এর জেরে সিপিএমের অনেকেই আহত হয়েছেন। আহত হয়েছেন দলের জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি উদয় সরকার। সিপিএমের আরেক জেলা কমিটির সদস্য আভাস রায়চৌধুরিকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পালটা অভিযোগ তৃণমূলের তরফেও। অভিযোগ, সিপিএম কর্মীরা কাস্তে হাতুড়ির ঝাণ্ডার ডান্ডা নিয়ে তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় জেলাশাসকের দপ্তর লাগোয়া রাস্তা। মুহূর্মুহূ ইটবৃষ্টি, ভিড় লক্ষ্য করে টিউবলাইট, বাল্ব উড়ে আসতে থাকে। ইটের আঘাতে দুই দলেরই বেশ কয়েকজন জখম হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এসডিও অফিসে ঢুকে যান।

ঘণ্টাখানেক পর তৃণমূলের তরফে ফের হামলা করা হয় বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার সিপিএম সম্পাদক অচিন্ত্য মল্লিকের অভিযোগ, তৃণমূলের কয়েকজন বড়মাপের নেতা মনোনয়ন জমা নেওয়ার ঘরে ঘরে ঢুকে বামপ্রার্থীদের উপরে হামলা চালায়। মনোনয়ন পত্র ও অন্যান্য নথি কেড়ে নেওয়া হয়। কেড়ে নেওয়া নথিগুলি ছিঁড়ে ফেলে সিপিএম প্রার্থীদের মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার একটি ঘরে হামলা করতে গিয়ে বাধার মুখে পড়ে তৃণমূল। হামলাকারীদের রুখে দেয় বামপ্রার্থীরা। মারধরও করা হয় বলে অভিযোগ। চলে পালটা মারধরও। পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। যদিও সিপিএমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এই প্রসঙ্গে দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘সিপিএমই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। আমাদের প্রার্থীদেরও মারধর করা হয়েছে। কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন।’
[কান্দিতে অধীরকে মিছিল করতে বাধা, প্রতিবাদে থানায় অবস্থান বিক্ষোভ কংগ্রেসের]
ছবি- মুকুলেসুর রহমান
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
-
‘ঠিক করেছে’, বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে ‘সমর্থন’ মেয়ে হারানো নদিয়ার দুই মা’র
-
চোখে ভয়ংকর সমস্যা ভোজিনহার, এই রোগে হারায় দৃষ্টিশক্তিও! জানুন লক্ষণ ও চিকিৎসা
-
জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ
-
ছাদবাগানের আবর্জনা ফেলবেন না, ‘স্যান্ডউইচ’ পদ্ধতিতে তৈরি হবে উর্বর মাটি