সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু। যে সিনে উৎসবের জন্য বছরভর অধীর আগ্রহে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা, আগামী ৬ নভেম্বর সেই অপেক্ষার অবসান। এদিন থেকে শুরু হচ্ছে একসপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩১তম চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
৬ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফি বছরের মতো এবারেও উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক হিসেবে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন শর্মিলা ঠাকুর, শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা। সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এবারের কিফ-এ ‘শোলে’ সিনেমার পঞ্চাশবছর পূর্তি উদযাপন করা হবে। ‘বেঙ্গলি প্যানোরমা’য় দেখানো হবে ঋত্বিক ঘটকের ‘কোমলগান্ধার’, ‘সুবর্ণরেখা’-সহ ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘পিঞ্জর’-এর মতো ছবিগুলি। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। আর ট্যাগলাইন- ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব।’ শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, সলিল চৌধুরীকে। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে।
জানা গিয়েছে, এবার মোট ১,৮২৭টি সিনেমা জমা পড়েছিল। ৩৯টি দেশের বাছাই করা ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা ১৮৫টি। অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের ৩০টি সিনেমা থাকছে। এছাড়াও তথ্যচিত্র রয়েছে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার সিনেমাও থাকছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মোট ১৮টি ভারতীয় ভাষার ছবি দেখানো হবে। ৬ নভেম্বর বিকেল পাঁচটায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা ‘সপ্তপদী’। মঙ্গলবার নন্দনের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কোয়েল মল্লিক-সহ অনেকে।
ফি বছরের মতো এবারেও সিনে আড্ডা থাকছে ফিল্ম ফেস্টিভ্যালে। তবে অন্য নামে। ইন্দ্রনীল সেন জানালেন, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের নতুন নাম রেখেছেন ‘গানে গানে সিনেমা’। বাংলার প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা উপস্থিত থাকবেন একেকদিন। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর অবধি একতারা মঞ্চে বসবে এই গানের আসর।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?