সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় বিয়ে মিটেছে সদ্যই৷ লেক কোমোয় প্রেম পরিণতি পাওয়ার পর মুম্বইয়ে ফিরে এসেছেন দীপবীর৷ এবার পালা জীবনের বিশেষ মুহূর্তের আনন্দ আত্মীয় পরিজনদের সঙ্গে ভাগ করে নেওয়ার৷ রাত পোহালেই বেঙ্গালুরুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন নবদম্পতি৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই মঙ্গলবার সকাল সকাল মুম্বই ছেড়ে বেঙ্গালুরুর উদ্দেশে বিমানে উড়ে গেলেন দুজনে৷
[একেই বলে ভালবাসা, হাতের তালুতে দীপিকার নাম লিখলেন রণবীর]
মঙ্গলবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে দেখে যায় দুজনকেই৷ সাদা পোশাকে অনবদ্য দীপবীর৷ সব্যসাচীর ডিজাইন করা সাদা সালোয়ারে দেখা গিয়েছে দীপিকাকে৷ হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, সিঁদুরে একেবারে ঐতিহ্যবাহী নববধূ সেজে নিজের হোমটাউনের উদ্দেশে পাড়ি দেন দীপিকা৷ সাদা কুর্তা পরেছিলেন রণবীর৷ ফ্যানেদের উপচে পরা ভিড় বিমানবন্দর চত্বরে৷ নববধূর প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন রণবীর, পাপারাৎজির ক্যামেরায় বারবারই ধরা পড়েছে সে ছবি৷

[রাজকীয় বিয়ে সেরে মুম্বইয়ে ফিরলেন দীপবীর, দেখুন ভিডিও]
দীপিকা বেড়ে উঠেছিলেন বেঙ্গালুরুতে৷ এরপর ধীরে ধীরে বলিউডে আত্মপ্রকাশ৷ শুটিং সেটেই বাঁধা পড়েছিল দীপিকা-রণবীরের মন৷ সময় যত এগিয়েছে, ততই বেড়েছে ঘনিষ্ঠতা৷ কানাঘুসো শোনা গিয়েছিল, বিয়েও করবেন তাঁরা৷ গত অক্টোবরেই একেবারে সোশ্যাল মিডিয়ায় বিয়ের আমন্ত্রণপত্র দিয়ে জানিয়েছিলেন সুসংবাদ৷ ডেস্টিনেশন ওয়েডিংয়ে সায় দিয়েছিল দীপিকা-রণবীরের মন৷ সেই অনুযায়ী ইটালির লেক কোমোয় বসে বিয়ের আসর৷ ছবির মতো সাজানো লেক কোমোয় ১৪ নভেম্বর কোঙ্কনি মতে এবং ১৫ নভেম্বর সিন্ধি নিয়ম মেনে চার হাত এক হয়৷ রবিবার সকালে মুম্বইয়ে ফেরেন দুজনে৷

ইটালিতে যতই বিয়ে করুন না কেন, মন কি আর নিজের শহরকে ভুলতে পারে? স্ত্রীর হোমটাউন বলে কথা, তাই তো বিয়ের পর প্রথম অনুষ্ঠান বেঙ্গালুরুতেই করার সিদ্ধান্ত নেন রণবীর৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই মুম্বই ছেড়ে হোমটাউনের উদ্দেশে পাড়ি দেন নবদম্পতি৷ রাত পোহালেই বেঙ্গালুরুতে প্রথম রিসেপশন দীপবীরের৷ সেজে উঠেছে দীপিকার বাড়ি৷ পরিবারের ঘনিষ্ঠরা ছাড়াও এই অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকার কথা৷ ২৮ নভেম্বর মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলেও রিসেপশনের বন্দোবস্ত করেছেন রণবীর৷ সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠদের পাশাপাশি থাকবেন সেলেব্রিটিরা৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু