সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্য জগতে অনন্য নজির। আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী পুরস্কার ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হলেন। সেই সঙ্গে, তাঁর বইয়ের ইংরেজি সংস্করণের জন্য দীপা ভাসতিও পুরস্কৃত হলেন। ২০১৬ সালের পর দীপাই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই পুরস্কার পেলেন। অন্যদিকে বানুই প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার পেলেন।
‘হার্ট ল্যাম্প’ বারোটি গল্পের সংকলন। তিরিশ বছরেরও বেশি সময় ধরে গল্পগুলি লিখিত হয়েছে। মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথাই উঠে এসেছে এই বইয়ে। আরও পাঁচটি বই এবারের নমিনেশন পেয়েছিল। শেষপর্যন্ত সেরার শিরোপা পেলেন বানু মুস্তাকই। এই প্রথম কোনও ছোটগল্পের সংকলন এই পুরস্কার পেল।
লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই বানু ও দীপা পুরস্কৃত হলেন। পুরস্কারমূল্য ৫০ হাজার পাউন্ড। ভারতীয় মূল্যে তা ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা। তবে এই টাকা দু’জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। সম্মানিত হওয়ার পরে গল্পকারকে বলতে শোনা যায়, ”সাহিত্যিই পারে আমাদের সকলকে বেঁধে রাখতে। একে অপরের মনের ভিতরকার শূন্যস্থানগুলিকে পূর্ণ করতে পারে।”
এর আগে গত রবিবার শর্টলিস্ট রিডিং ইভেন্টেও তিনি নিজের লেখালেখি নিয়ে কথা বলেন। জানান তাঁর গল্পগুলি নারীকেন্দ্রিক। তিনি বলেন, ”ধর্ম, সমাজ ও রাজনীতি মহিলাদের থেকে প্রশ্নবিহীন আনুগত্য চায়। এবং এভাবেই মহিলাদের সঙ্গে অমানবিক নিষ্ঠুর আচরণ করে নিছক অধস্তন বানিয়ে দেওয়া হয়।” উল্লেখ্য, পেশায় আইনজীবী বানু সমাজকর্মীও। পাশাপাশি সাহিত্যচর্চাও করছেন দীর্ঘ সময় ধরে। অবশেষে পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। গর্বিত করলেন দেশকে।
সর্বশেষ খবর
-
‘বিজেপির চাপে সোনিয়ার বইপ্রকাশে আপত্তি’, প্রকাশনা সংস্থাকে তোপ কংগ্রেসের, পালটা দিল গেরুয়া শিবির
-
‘কিয়ারা কি মাদার টেরেসার চরিত্রে অভিনয় করবে বলেছিল?’, যৌনগন্ধী ‘টক্সিক’ বিতর্কে বিস্ফোরক স্বস্তিকা
-
ভটভটির দিন শেষ! দেশে প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল গঙ্গায়, কাজ শুরু গার্ডেনরিচে
-
উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদি, শনিবারই রওনা দিলেন চারদিনের সফরে
-
বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটোয় হাত, হনুমানকে গুলি করে খুন গৃহস্থের! বাঁকুড়ায় হুলুস্থুল