সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন নাকি বিয়ে, কোন পথে হাঁটা উচিত প্রেমিক-প্রেমিকাদের? এই প্রশ্ন নিয়ে বিতর্কের শেষ নেই৷ কৃতী শ্যানন এবং কার্তিক আরিয়ানের প্রেমের আড়ালে প্রায় তিন ঘণ্টার চিত্রনাট্যে উত্তর দিয়েছেন ‘লুকাছুপি’র পরিচালক লক্ষ্মণ উতেকর৷
[নগরে ‘অন্য’ প্রেমের কীর্তন উঠে এল ছবিতে]
গুড্ডু (কার্তিক আরিয়ান) এবং রশ্মি (কৃতী শ্যানন)-র প্রেম নিয়ে শুরু হয়েছে ‘লুকাছুপি’৷ ব্রাহ্মণ পরিবারের মেয়ে রশ্মি বিয়েতে খুব একটা বিশ্বাসী নন৷ চান লিভ ইন করতে৷ তবে তাঁর প্রেমিক গুড্ডু এক্কেবারে বিপরীত৷ পরিবারে সবার ছোট হওয়ায় বয়স বাড়লেও গুড্ডু নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না৷ পরিবারের সবার মতামত তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ বিয়ে না করে লিভ ইন করবে একথা বলার পর পরিজনদের প্রতিক্রিয়া সত্যিই দেখার মতো৷ তবে শেষমেশ পারিবারিক বাধা পেরিয়ে গুড্ডু এবং রশ্মি লিভ ইন করতে শুরু করেন৷ ভেবেছিলেন বিয়ে না হওয়ায় পারিবারিক ঝড়ঝাপটা হয় তো সেভাবে সামলাতে হবে না তাঁদের৷ পরিবর্তে নিজেদের মতো করে নতুন জীবন কাটাতে পারেন৷ কিন্তু তা আর হল কই? বরং কাঁধে কাঁধ মিলিয়েই পারিবারিক সমস্যা মেটাতে শুরু করেন গুড্ডু-রশ্মি৷ পারিবারিক সমস্যা মেটানোর মাঝে কীভাবে এগিয়ে চলল দু’জনের প্রেম? তা জানতে গেলে ‘লুকাছুপি’ দেখা ছাড়া কোনও উপায় নেই৷
[রান্নার মাঝে সম্পর্কের রসায়ন ‘আহা রে’]
এক্কেবারে পারিবারিক ছবি ‘লুকাছুপি’৷ গুড্ডুর চরিত্রে কার্তিক এক কথায় অসাধারণ৷ নিজের অভিনয় দক্ষতায় গোটা ছবিকে প্রায় একাই টেনে নিয়ে গিয়েছেন তিনি৷ কৃতী শ্যাননও বেশ সাবলীল৷ ছবিতে রয়েছে হাসির খোরাক৷ তবে তা কোনওভাবেই শালীনতা লঙ্ঘন করে না৷ হাস্যরসের জোগান দেওয়ার জন্য স্ক্রিপ্ট রাইটার প্রশংসনীয়৷ কোনও কোনও ক্ষেত্রে বাস্তবতাকে ছাপিয়ে গিয়েছে ছবির চিত্রনাট্য৷ তা দর্শকদের মন কতটা ছুঁতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যায়৷ ‘লুকাছুপি’ মনে গভীরভাবে দাগ কাটতে না পারলেও, সপ্তাহান্তে হাতে কিছুটা ফাঁকা সময় থাকলে এই ছবি দেখে আসতেই পারেন৷ হাজার কাজের চাপে ব্যস্ততা ভুলে মিষ্টি প্রেমের গল্প খুব একটা মন্দ লাগবে না৷
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির