সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-কে দেখেই শিশু শিক্ষা লাভ করে। বাবা-মা যা করেন, সন্তানরাও তেমনটা শেখে। এমন ধারণাই সমাজে বিরাজমান। সেই ধারণার প্রতিচ্ছবিই ফুটে উঠল। জনপ্রিয় মডেল মিলিন্দ সোমনের ‘দ্য গ্রেট ইন্ডিয়া রান’-এর খবর ইতিমধ্যেই সবাই জেনে ফেলেছেন। কিন্তু এটা জানেন কি, কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে দৌড় শুরু করেছেন তিনি? তাঁর মা উষা সোমন।
দু’বছর আগে একটি চ্যারিটি ইভেন্টের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে ১০০ কিলোমিটার দৌড়েছিলেন তিনি। এবার বুঝলেন তো, মায়ের থেকেই শিক্ষা পেয়েছেন ছেলে। ছেলেকে আরও উদ্বুদ্ধ করতে ফের আসরে নামলেন উষা সোমন। বয়স ৭৫। তাতে কী! মনের জোরটাই যে আসল, তা খালি পায়ে শাড়ি পরে দৌড়ে বুঝিয়ে দিলেন তিনি।

আহমেদাবাদ থেকে মুম্বই। পাক্কা ৫৭০ কিলোমিটার খালি পায়ে দৌড়নোর লক্ষ্যে রাস্তায় নেমেছিলেন মিলিন্দ। বৃহস্পতিবারই তাঁর মুম্বই পৌঁছনোর কথা। এক সময়ে ভারতীয় সুপারমডেলকে আন্তর্জাতিক দুনিয়াও এক ডাকে চিনত। পঞ্চাশে পা দিলেও তাঁর শারীরিক নমনীয়তা এতটুকুও কমেনি। বরং, দিন দিন তাঁর ফিটনেস বেড়েই চলেছে। এই দৌড়ই তার প্রমাণ। আহমেদাবাদ থেকে ২৬ জুলাই শুরু হয়েছে তাঁর খালি পায়ে দৌড়ে চলা। প্রথম দিনে ৬৭ কিলোমিটার পথ পেরিয়েছিলেন তিনি। প্রচণ্ড আর্দ্র আবহাওয়াকেও পাত্তা দেননি। এখনও পর্যন্ত বেশ অনায়াসেই দৌড়ে চলেছেন। এখন তো আবার সঙ্গী হিসেবে মাকেও পেয়ে গিয়েছেন।
যাঁরা এখনও বাড়িতে শুয়ে শুয়ে ভাবেন, কাল থেকে সকালে উঠে দৌড় শুরু করব, এই ভিডিও দেখার পর তাঁরা নিশ্চয়ই আর দেরি করবেন না।
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী