ক’দিন আগে ওমান উপসাগরে মার্কিন হামলায় মৃত্যু হয়েছিল তিন ভারতীয় নাবিকের। সম্প্রতি এমটি সেলেস্টিয়াল নামের একটি বাণিজ্যতরীতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আরও এক ভারতীয় নাবিক নিশান্ত উরথানাথানের। তাঁর দেহ দেশে ফেরানোর বিষয়ে উদ্যোগী হয়েছে বিদেশ মন্ত্রক। সমস্ত কিছুর নেপথ্যে মারণ যুদ্ধের কারণ অবরুদ্ধ হরমুজ প্রণালী। রবিবার জাহাজ মন্ত্রক জানিয়েছে, হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে ৫৬২ জন ভারতীয় নাবিক ১০৭ দিন ধরে ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
রবিবার ওমানের অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, “শারীরিক অসুস্থতার কারণ প্রয়াত নিশান্ত উরথানাথানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি এমটি সেলেস্টিয়াল নামের বাণিজ্যতরীর কর্তৃপক্ষের সঙ্গেও সংযোগ রাখা হচ্ছে। নিশান্তের মরদেহ দ্রুত জাহাজ থেকে নামিয়ে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।” জানা গিয়েছে, এমটি সেলেস্টিয়াল বাণিজ্যতরীটি বর্তমানে ওমানের দুকম বন্দরে রয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা জাহাজটির ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে একযোগে কাজ করছে।
এদিন কেন্দ্রের তরফে তথ্য দেওয়া হয়েছে, ৫৬২ জন ভারতীয় নাবিক-সহ ভারতের পতাকাবাহী অন্তত ১৩টি পণ্যবাহী জাহাজ ১০৭ দিন ধরে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। এর মধ্যে ৩২৯ জন হরমুজের পশ্চিম অংশে আটকা পড়েছেন, বাকি ২৩৩ জন আটকে পড়েছেন ওমান উপসাগরে, যা হরমুজের পূর্ব দিকের অংশে অবস্থিত।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইজরায়েলের হামলার পর থেকে নাবিকদের দুঃস্বপ্নের সূত্রপাত। অভিশপ্ত রাত ফুরিয়ে এবার কি শান্তির সূর্যোদয় হবে? খুলতে চলেছে বিশ্বের ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী? শনিবার সেই ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে বহু প্রতিক্ষিত শান্তিচুক্তি রবিবারেই চূড়ান্ত হতে চলেছে। তার পরেই অবসান হবে মারণ যুদ্ধের। এই ‘ভালো খবর’ শোনার অপেক্ষায় গোটা বিশ্ব।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস