সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা ধুতি-পাঞ্জাবির উপরে কখনও-সখনও একটা সোয়েটারও চাপানো৷ গালের দু’দিকের চামড়া বয়সের নিয়মে ঝুলে পড়েছে৷ কিন্তু কাঁধের বেহালাটা শক্ত হাতে ধরা৷ ৭২ বছরের বৃদ্ধের নিখুঁত হাতের সেই সুর দিল্লির পুরনো কফি হাউসের কুয়াশামাখা ব্যস্ত সকালকেও যেন থমকে যেতে বাধ্য করেছিল৷
বিষয়টি নজরে পড়েছিল প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের এক সময়ের উপদেষ্টা সৃজন পাল সিংয়ের৷ কৌতূহল হল তাঁর৷ জিজ্ঞেস করায় জানতে পারলেন, বৃদ্ধের নাম স্বপন শেঠ৷ বাড়ি কলকাতায়৷ স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর চিকিৎসার খরচ জোগাতেই ভায়োলিন হাতে তুলে নিয়েছেন তিনি৷ সারা দেশে এভাবেই সঙ্গীতের মাধ্যমে টাকা সংগ্রহ করছেন৷
স্বপনবাবুর এই জীবন কাহিনি ফেসবুকে সৃজন শেয়ার করেন এপিজে আবদুল কালামেরই একটি উদ্ধৃতি দিয়ে৷ তিনি লিখেছেন, “ আমি ড. এপিজে আবদুল কালামের সঙ্গে কাজ করেছি এবং তিনি হামেশা বলতেন সবার মধ্যেই ভালবাসা রয়েছে আর এই ভালবাসার ভিত্তিতেই পৃথিবীর অস্তিত্ব বজায় থাকবে৷ সারা বিশ্ব যখন নোট বাতিল, জাত্যাভিমান, সেক্স্যুয়ালিজম ও নিজস্ব সমস্যা নিয়ে ব্যস্ত, তখন ভায়োলিন নিয়ে ভালবাসার জন্য শেঠের এই লড়াই সত্যিই অনুপ্রাণিত করে৷ ”
শুধুমাত্র একটি মাত্র স্ট্যাটাস দিয়েই দায় সারেননি সৃজন৷ কীভাবে বাঙালি সঙ্গীতশিল্পীকে সাহায্য করা যাবে সেই উপায়ও বলে দিয়েছেন এই ছবিটি পোস্ট করে৷ চাইলে আপনিও সামিল হতে পারেন এই উদ্যোগে৷

সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট