সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা। কয়েকদিন আগে সেই পথেই হাঁটেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। ৬০ জন কমরেড নিয়ে তিনি আত্মসমর্পন করেন। এবার মাও-ঘাঁটি ছত্তিশগড়ের মোট তিনটি জেলা মিলিয়ে আত্মসমর্পণ করলেন আরও ৭৮ জন মাওবাদী। তাদের মধ্যে ৪৩ জন মহিলা।
জানা গিয়েছে, বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় অস্ত্রসস্ত্র সমতে আত্মসমর্পণ করেন বহু মাওবাদী। সুকমা জেলায় আত্মসমর্পণকারী মাওবাদীর সংখ্যা ২৭। তাদের মধ্যে ১৬ জনের মোট মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। অন্যদিকে, কাঙ্কের জেলায় অস্ত্রসস্ত্র সমতে নিরাপত্তারক্ষীদের সামনে আত্মসমর্পণ করে ৫০ জন মাওবাদী। তাদের মধ্যে ৩২ জন মহিলা। পুলিশ সূত্রে খবর, তাঁরা প্রত্যেকেই মাও সংগঠন দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের এত জন মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।
প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।
সর্বশেষ খবর
-
বিমান দুর্ঘটনার এক বছর পার, আহমেদাবাদ কাণ্ডের চূড়ান্ত রিপোর্ট কবে? বড় ঘোষণা মন্ত্রীর
-
ভেঙেছে পুরবোর্ড, জনতার কথা মাথায় রেখে সার্টিফিকেট দেবেন বিধায়করা, জানালেন মুখ্যমন্ত্রী
-
দিল্লি যেন মরুভূমি! ভয়ংকর ধুলোঝড়ে লাল সতর্কতা রাজধানীতে, প্রকাশ্যে প্রকৃতির তাণ্ডবের ভিডিও
-
এবার কলকাতায় আসন পুনর্বিন্যাস! পুরসভায় স্বচ্ছতা বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী?
-
খুলছে হরমুজ, কাটবে জ্বালানি সংকট, এবার পেট্রল-গ্যাসের দাম কমবে?