সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি অভিযানে জম্মু-কাশ্মীরে সেনার বড় সাফল্য। অমরনাথ হামলার মূলচক্রী আবু ইসমাইলকে নিকেশ করল সেনাবাহিনী। বৃহস্পতিবার নগামে গুলির লড়াইয়ে খতম হয় এই লস্কর জঙ্গি। গত জুলাই মাসে অমরনাথ থেকে ফেরা তীর্থযাত্রীদের বাসে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল জঙ্গিরা। হামলার মাস্টারমাইন্ড ছিল আবু ইসমাইল। ঘটনার পর থেকে সেনা তাকে হন্যে হয়ে খুঁজছিল।
জম্মু কাশ্মীরের ডিজিপি এস পি বেদ জানান, এদিন নগাম এলাকায় আবু লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। দ্রুত সেই এলাকা ঘিরে ফেলা হয়। অভিযানে সেনার সঙ্গে ছিল এসপিজি এবং সিআরপিএফ। বিপদ বুঝতে পারে লস্কর জঙ্গি পালটা গুলি চালাতে থাকে। কয়েক ঘণ্টা ধরে চলে এনকাউন্টার।গুলির লড়াই আবু ইসমাইলকে খতম করে সেনা। তার এক সঙ্গীকেও সেনা নিকেশ করেছে।
ইসমাইল হল দক্ষিণ কাশ্মীরের লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার। পাকিস্তানের বাসিন্দা ইসমাইল লস্কর জঙ্গি আবু দুজানার উত্তরসূরি। কাশ্মীরে লস্কর জঙ্গিদের কার্যকলাপ বিস্তারের দায়িত্ব পড়েছিল তার উপর। সেইমতো ঘাঁটি সাজিয়েছিল এই জঙ্গি। অমরনাথ যাত্রীদের উপর হামলার ছক ছিল আগেই, আইবি গোয়েন্দারা এ ব্যাপারে সতর্কও করেছিল। যদিও তার পরও ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। এমনিতে কড়া নিরাপত্তার সঙ্গে এঁটে উঠতে পারেনি জঙ্গিরা। কিন্তু আক্রান্ত বাসটি খানিকটা নিয়ম লঙ্ঘন করতেই সুযোগ পেয়ে যায় এই তারা। বাসটির অমরনাথ বোর্ডে রেজিস্ট্রেশন ছিল না বলেই জানা যাচ্ছে। পাশাপাশি টায়ার পাংচার হওয়ার দরুন সন্ধেয় নির্দিষ্ট সময়ের পরও বাসটি ছিল হাইওয়ের কাছাকাছি। ফলে সহজ সুযোগ পেয়ে যায় জঙ্গিরা।
সর্বশেষ খবর
-
‘সনাতন ধর্মের অপমান!’, ‘লাভ জেহাদ’ বিতর্কে আমির খানকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
-
ধোঁয়ায় ঢাকা নিউ ইয়র্কে সূর্যরশ্মি আর্জেন্টিনা, দেশ বনাম ‘দেশ’ দ্বন্দ্বের সামনে ফুটবলের বরপুত্র
-
কেন নিখোঁজ হয়ে যান দময়ন্তী? পুলিশি তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
-
কলকাতায় আপাতত বাড়বে অস্বস্তি! উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা, সম্ভাবনা ভূমিধসের
-
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামি সতর্কতা