সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন হয়ে বিধানসভায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দিগম্বর জৈন সাধু তরুণ সাগরই পথীকৃত নন৷ খোঁজ মিলল এরকম আরও এক দিগম্বর সাধুর৷ আচার্য বিদ্যাসাগর নামে এই সাধুও বিধানসভায় নগ্ন হয়ে বক্তৃতা দিয়েছিলেন৷
হরিয়ানা বিধানসভায় যখন দিগম্বর জৈন সাধুর বক্তৃতা নিয়ে সরগরম নেটদুনিয়া, তখনই খোঁজ মিলল এই সাধুর৷ জানা যাচ্ছে, তরুণ সাগরের বক্তৃতা দেওয়ার অন্তত মাসখানেক আগে মধ্যপ্রদেশ বিধানসভায় এই ঢঙেই বক্তৃতা দিয়েছিলেন তিনি৷ সেবার বিধানসভার স্পিকার ও অন্যান্য নেতা মন্ত্রীরা নিজে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর শিষ্যরাও৷ প্রায় ৪০ মিনিট বক্তৃতা দিয়েছিলেন তিনি৷ তুলে ধরেছিলেন শাসক-বিরোধী সমণ্বয়ের কথা৷ সাধারণ মানুষের ভালর জন্য কাজ করতে উৎসাহিত করেছিলেন৷
জৈন ধর্মের প্রথা অনুযায়ী সেদিন বিধানসভায় নগ্ন হয়েই গিয়েছিলেন এই সাধু৷ কেননা শ্বেতাম্বররাই একমাত্র সাদা কাপড় পরেন৷ দিগম্বরদের পরিধেয় বলে কিছু থাকে না৷ সেবার অবশ্য কোনও বিতর্ক তৈরি হয়নি৷ মন্ত্রী, বিধায়করা মন দিয়ে শুনেছিলেন তাঁর কথা৷ অনেকে আবার তাঁর আশীর্বাদও চেয়ে নিয়েছিলেন৷ কেউ কেউ আবার মনে করেছিলেন সাধুর আগমনে, বিধানসভা ভবনের বাস্তুদোষও খণ্ডন হয়েছে৷
সম্প্রতি দিগম্বর তরুণ সাগরের বক্তৃতা নিয়ে যেরকম বিতর্ক তৈরি হয়েছে তা হওয়া উচিত ছিল না বলেই মনে করছেন অনেকে৷ সুরকার বিশাল দাদলানির মশকরা, পরে দিল্লির মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ক্ষমা চাওয়া, বিশালের রাজনীতি ছেড়ে দেওয়া ইত্যাদি নিয়ে ঘোরাল হয়েছে প্রসঙ্গ৷ কিন্তু সাধু নিজে তাতে কিছু মনে করেননি ও ক্ষমা করা প্রসঙ্গ নেই বলেই জানিয়েছেন৷ তবে নেটদুনিয়া ওই ঘটনায় যেরকম প্রতিক্রিয়া জানিয়েছে তা কিছুটা বেমানান ঠেকেছে অনেকের কাছেই৷ আর তাই উঠে এল আর এক সাধুর কথা, যিনি এর আগেও এরকম কাজের নুমনা দেখিয়েছেন৷ ধর্মের প্রথা মেনেই যে এঁরা দিগম্বর, আর তা নিয়ে বিতর্ক বাঞ্ছনীয় নয়, এ ঘটনা সামনে আসার পর এমনটাই মত নানা মহলে৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন