সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজির দৌরাত্ম্যে দীপাবলির পর ফের লাগামছাড়া হয়েছে দিল্লির দূষণ। সেই দূষণ এখনও দাপাচ্ছে রাজধানী জুড়ে। পরিস্থিতি সামাল দিতে এবার কৃত্রিম বৃষ্টির পথে হাঁটছে সেখানকার বিজেপি সরকার। মঙ্গলবার কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর দিল্লিতে বৃষ্টি নামানো হবে।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, ”দিল্লির দূষণ মোকাবিলায় আমরা অসংখ্য পদক্ষেপ করেছি। এবার আমরা কৃত্রিম বৃষ্টিপাতের বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা করছি। আমরা ক্লাউড সিডিং-এর একটি পরীক্ষাও চালিয়েছি। আশা করছি এটি দিল্লির দূষণ সমস্যার সমাধান করতে পারবে। এটা একটি পরীক্ষা। দেখা যাক এর ফলাফল কী হয়। যদি পরীক্ষাটি সফল হয়, তাহলে আমার বিশ্বাস দিল্লিবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান মিলবে। এটা আমাদের সকলের জন্যই নতুন বিষয়। কেননা দিল্লিতে এমনটা প্রথমবার হচ্ছে। আমি প্রার্থনা করি, পরীক্ষাটি সফল হোক এবং দিল্লি এর থেকে উপকৃত হোক।” এর আগে রেখা জানান, ‘এই উদ্যোগ শুধু প্রযুক্তিক্ষেত্রে ঐতিহাসিক নয়, বরং দিল্লির দূষণ মোকাবিলায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এক বিরাট অগ্রগতি।’
জানা গিয়েছে, এদিন বুরারি, ময়ূর বিহার ও করোল বাগ অঞ্চলে আকাশপথে মেঘের ‘বীজ’ ছড়ানো হয়েছে। বিমানগুলি আর্দ্রতা-ভরা মেঘের মধ্যে দিয়ে উড়ে গিয়ে সেখানে সিলভার আয়োডাইড এবং লবণ-ভিত্তিক যৌগের মতো কণা ছেড়ে দিয়েছে। এর ফলেই বৃষ্টি ঝরাবে মেঘগুলি। উল্লেখ্য, অভিনব এই উদ্যোগে দিল্লি সরকারকে সাহায্য করছে কানপুর আইআইটি। এই উদ্যোগের জন্য সরকারের খরচ পড়ছে ৩.২১ কোটি টাকা। গত মাসেই দিল্লির সরকার আইআইটি কানপুরের সঙ্গে ক্লাউড সিডিং-এর একটি চুক্তি করে। সেই সময় থেকেই দ্রুত কৃত্রিম বৃষ্টির দিকে হাঁটে প্রশাসন।
সর্বশেষ খবর
-
যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি? বৈঠকে তদন্ত কমিশন
-
‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ
-
জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রেমের জোয়ার, দেশের এই ৫ তীর্থক্ষেত্রে মিলবে ভক্তির আসল খোঁজ
-
স্বাধীনতার ৮০ বছর পেরিয়েও ‘আলো’ নেই! সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা