সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মোবাইলে হেল্প লাইন নম্বর টুকে রাখার দরকার নেই৷ বিপদে পড়লে ট্রেনের চেন টানার প্রয়োজনও নেই৷ কারণ এবার এক ক্লিকেই আপনার ট্রেন যাত্রা হবে আরও নিরাপদ৷
ট্রেনে মহিলাদের নিরাপত্তা আরও আঁটসাট করার উদ্যোগ নিল রেলমন্ত্রক৷ লোকাল ট্রেনে যাতে কোনও মহিলার একা সফর করতে অসুবিধে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ট্রেনে কোনওরকম বিপদের আশঙ্কা হলেই টিপতে হবে প্যানিক বাটন৷ সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাবেন রেল আধিকারিকরা৷ আর যাত্রী পাবেন সাহায্য৷ রবিবার এক রেল আধিকারিক জানান, গত সপ্তাহেই প্যানিক বোতামের ট্রায়াল শুরু হয়েছে৷ একটি করে লাল রঙের ‘পুশ’ বাটন লোকাল ট্রেনের চারটি মহিলা কামরার প্রত্যেকটিতে বসানো হয়েছে৷
কোথায় থাকবে বোতামটি? আধিকারিক জানাচ্ছেন, ট্রেনের কামরায় যেখানে অ্যালার্ম চেন থাকে, ঠিক তার পাশেই থাকবে প্যানিক বোতাম৷ বোতামটি টিপলেই কামরার বাইরে একটি স্ক্রিনে অডিও-ভিজুয়াল সিগন্যাল ভেসে উঠবে৷ যা প্ল্যাটফর্মে থাকা রেলকর্মীদের কম্পিউটারে পৌঁছে যাবে৷ সেই সঙ্গে রেলচালক ও কন্ট্রোল রুমেও সিগন্যাল পৌঁছবে৷ ফলে তাঁরা তৎক্ষনাৎ যাত্রীর সমস্যার খবর পেয়ে যাবেন৷ অ্যালার্ম বন্ধ করার জন্য একটি রিসেট বাটনও থাকবে৷
মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই দূরপাল্লার ট্রেনে সিসিটিভি বসানো হয়েছে৷ এবার প্যানিক বাটনের মাধ্যমে অনায়াসেই দূর্ঘটনা এড়াতে পারবেন মহিলারা, আশা রেলমন্ত্রকের৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার