সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পোড়া দেশে ধর্ষণের শিকার হওয়াও যে কতবড় পাপ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজধানীর এই ঘটনা। সম্প্রতি এক নির্যাতিতার সঙ্গে এমনই ঘটনা হল দিল্লিতে। এক বেসরকারি স্কুলে পাঠরতা দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসতে বারণ করল কর্তৃপক্ষ। কিছুদিন আগে কিশোরীর অভিভাবককে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। তারপর তাঁদের জানিয়ে দেওয়া হয়, মেয়েকে যেন আর স্কুলে না পাঠানো হয়। প্রতিষ্ঠানের বদনাম হতে পারে সেই অজুহাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এরপরই দিল্লির মহিলা কমিশনের দ্বারস্থ হয় নির্যাতিতার অভিভাবক। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা। অভিযোগ পাওয়ার পর দিল্লির শিক্ষা দফতরকে একটি নোটিস পাঠায় কমিশন। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের জেরে জবাব তলব করেছে কমিশন। কিশোরীর মা-বাবা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ এনেছেন। তাঁরা অভিযোগপত্রে জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তাঁদের জানায় মেয়ে স্কুলে না এলে তাকে সরাসরি একাদশ শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে। এমনকি ওই ছাত্রীর নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করেছে স্কুল। স্কুলের বাস পরিষেবাও ওই ছাত্রীকে দেওয়া হবে না বলে জানায় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ওই কিশোরীকে অপহরণ করে তারপর চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাকে ধর্ষণের পর রাস্তায় ফেলে দিয়ে যায়। কিন্তু গোটা ঘটনায় ওই কিশোরীর দোষ কোথায় তা জানতে চান তার মা-বাবা। স্কুলে এই ঘটনার জন্য মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এমনকি অন্য পড়ুয়াদের তার পাশে বসতে দেওয়া হচ্ছে না।
সর্বশেষ খবর
-
পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে আত্মসাৎ! ধৃত তৃণমূল নেতা
-
‘আসল’ তৃণমূল কারা? বাড়তি সময় নিয়ে কমিশনে নথি জমা ঋতব্রত শিবিরের
-
একদিনে হুগলির ৩ পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ! ভেঙে খানখান বৈদ্যবাটি পুরবোর্ড
-
বাদ ডায়মন্ড হারবার, বিশ্বকাপের মাঝেই শুরু কলকাতা লিগ, কোথায়-কত টাকায় দেখা যাবে ম্যাচ?
-
৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষাতেই পেনাল্টি মিস এমবাপের! তিতিবিরক্ত দেশঁ, ফুঁসে উঠলেন হালান্ডও