সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে গত তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াই৷ শুক্রবার ভোর থেকে অনন্তনাগের আরওয়ানিতে গুলি বিনিময় চলছে দু’পক্ষের মধ্যে৷
বুধবার, উপত্যকার বিস্তীর্ণ এলাকা জুড়ে সেনাবাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে৷ কুলগাম জেলার হুসানপোরায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযান চালায়৷ ওই এলাকায় জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে সেনা৷ অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ সেই সময় পাল্টা হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের কাছে প্রচুর বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র রয়েছে৷ রয়েছে পর্যাপ্ত খাদ্যের জোগানও, অনুমান সেনাবাহিনীর৷ পর্যাপ্ত রসদ না থাকলে সেনাবাহিনীর ব্যাপক গুলিবর্ষণের মুখে তিনদিন ধরে লড়াই চালিয়ে যেতে পারত না জঙ্গিরা৷
জঙ্গিরা কোনও শীর্ষনেতাকে রক্ষা করতেই ‘কভার ফায়ার’ করছিল বলে আঁচ করতে পারেন সেনাবাহিনীর জওয়ানরা৷ সেইমতো, জঙ্গি নিকেশে অভিযানের তীব্রতা আরও বাড়ানো হয়৷ কোণঠাসা করে ফেলা হয় জঙ্গিদের৷ শেষ পর্যন্ত, অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয় লস্কর-ই-তৈবার তিন নেতা রাহিল আমিন, মজিদ জারগার এবং ওয়াসিম আহমেদ। রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশের গুলিতে নিহত হন এক স্থানীয় বাসিন্দাও। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাই ‘অল-অ্যাটাক কমব্যাট মোড’-এ যেতে পারছে না সেনাবাহিনী৷ স্থানীয় জনতাকে সরিয়ে জঙ্গি নিধন অভিযান চলছে৷ এখনও গুলির লড়াই জারি রয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার