নন্দিতা রায়, নয়াদিল্লি: ২০২০ সালের ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন বিহারের বাসিন্দা শুভম কুমার। আইআইটি বম্বে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বি টেক পাশ শুভম। দ্বিতীয় স্থানে রয়েছে ভোপালের জাগৃতি অবস্থি। তিনিও ভোপাল থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক পাশ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা জৈন। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের দুই ছাত্র-ছাত্রী প্রথম ২০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। ৮৭ স্থানে রয়েছেন শিলিগুড়ির (Siliguri) রিকি আগরওয়াল এবং ১৫৯ স্থানে ময়ূরী মুখোপাধ্যায়। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে ২০১৪ সালে এই স্টাডি সেন্টার তৈরি হয়েছিল। ২০১৯-এ এই প্রতিষ্ঠানের ১২ জন ছাত্রছাত্রী ইউপিএসসিতে সুযোগ পেয়েছিলেন।
শুক্রবার প্রকাশিত ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে মেয়েদের সাফল্য চোখে পড়ল সকলেরই। তালিকায় প্রথম দশের মধ্যে ৫ জন ছাত্রী জায়গা পেয়েছেন। ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ১২ জন ছাত্রী। ১৫ স্থানে আছেন রিয়া ডাবি। ২০১৫ সালে শীর্ষস্থান পাওয়া টিনা ডাবির ছোট বোন তিনি। ২০২০ সালের পরীক্ষায় মোট ৭৬১ জন প্রার্থীর নাম ফলাফলের ভিত্তিতে চাকরির জন্য প্রস্তাব করেছে ইউপিএসসি। যার মধ্যে ৫৪৫ জন পুরুষ এবং ২১৬ জন মহিলা রয়েছে। এছাড়াও প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে ২৫ জন বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে রয়েছেন চারজন দৃষ্টিহীন। ১৫০ জন প্রার্থীর নাম সংরক্ষিত রাখা হয়েছে।
[আরও পড়ুন: আগামী সপ্তাহে পাঁচদিন বন্ধ কলকাতার একাধিক এলাকার মদের দোকান]
এবছর মোট ৮৩৬ পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ১৮০ জন আইএএস, ৩৬ জন আইএফএস, ২০০ আইপিএসের পাশাপাশি সেন্ট্রাল সার্ভিস গ্রুপে ৩০২ জন, গ্রুপ-বি তে ১১৮টি পদ রয়েছে। গত অগাস্ট মাসে শুরু হয় এই পরীক্ষার ইন্টারভিউ পর্ব। আগস্ট ও সেপ্টেম্বর জুড়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়। যে সকল প্রার্থী এই ইন্টারভিউ পর্বে অংশগ্রহণ করেছিলেন, তাঁরা ইউপিএসসির সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। প্রার্থীদের সাহায্যার্থে তাঁদের ক্যাম্পাসের মধ্যে একটি ‘ফেসিলিটেশন কাউন্টার’ খুলেছে ইউপিএসসি। এই কাউন্টারের মাধ্যমে প্রার্থীরা এই পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত সব তথ্য পেতে পারেন। শুধুমাত্র কাজের দিনগুলিতেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাউন্টারটি খোলা থাকবে।
এই পরীক্ষায় কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তা আগামী ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইউপিএসসি। প্রতি বছর এই সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করে ইউপিএসসি। তিনটি পর্যায়ে এই পরীক্ষা নেওয়া হয়। প্রথম পর্যায়ে থাকে প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় এসসিকিউ প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থীদের যোগ্যতা বিচার করা হয়। যে সকল পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁরা মেনস পরীক্ষায় বসার সুযোগ পান। মেনস-এ লিখিত প্রশ্নের উত্তর দিতে হয় প্রার্থীদের। এরপর আসে ইন্টারভিউ পর্ব। তিনটি পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করে ইউপিএসসি।
[আরও পড়ুন: হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক, ‘নতুন অধ্যায় শুরু’, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক