সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস ইকোনমিতে দেশকে সাবালক করে তুলতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অর্থাৎ সরকার চায়, নগদ লেনদেনের থেকে সাধারণ মানুষ যেন বেশি ঝোঁকে ব্যাঙ্ক এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহার দিকে৷ আর সেই দিকেই এগোচ্ছে গোয়া৷ দেশের প্রথম রাজ্য হিসেবে ৩১ ডিসেম্বর থেকে ক্যাশলেস হতে চলেছে গোয়া৷
সবজি বাজার থেকে শপিং মল, স্মার্টফোনের এক ক্লিকেই এবার থেকে সব কেনাকাটা সারতে পারবেন গোয়ার বাসিন্দারা৷ টাকার ব্যাগটি বাড়িতে ভুলে বাজারে পৌঁছে গেলেও আর কোনও সমস্যা হবে না৷ কারণ মোবাইলই ওয়ালেটের কাজ করবে৷ ফলে পার্স চুরি যাওয়ার হাত থেকেও মিলবে রেহাই৷ আর মজার বিষয় হল, মোবাইলে কেনাকাটা করার জন্য স্মার্টফোনেরও প্রয়োজন নেই৷ একটি বেসিক মোবাইল ফোন হলেই চলবে৷ কী লেনদেন করতে হবে? মোবাইলে *99# ডায়াল করে স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশিকাগুলি মেনে চললেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে যাবে৷ ব্যস, টাকা মিটিয়ে দেওয়া হয়ে গেল৷ খুচরো এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, যাঁদের স্মার্টফোন নেই, মূলত তাঁদের কথা ভেবেই এই পদ্ধতিতে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ড তো রয়েইছে৷
ক্যাশলেস লেনদেনের বিষয়ে আম আদমিকে অবগত করতে সোমবার পানাজির মাপুসায় একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছে৷ গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর জানান, মোবাইলে লেনদেনের জন্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না৷ তিনি বলছেন, গোয়ার জনসংখ্যা মাত্র ১৫ লক্ষ হওয়াতে এই রাজ্য দেশে সবচেয়ে দ্রুত ক্যাশলেস রাজ্যে পরিণত হতে পারবে৷ এখানে মোট ১৭ লক্ষ মোবাইল কানেকশন এবং ২২ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ অর্থাৎ হিসেব মতো সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে৷ তাই গোয়াকে ক্যাশলেস রাজ্য বানাতে খুব বেশি কসরত করতে হবে না৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার