সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেও কেউ কাউকে চিনতেন না তাঁরা৷ কিন্তু, আজ একে অন্যের পরমাত্মীয়৷ মেহরাদের সৌজন্যে ইদের খুশি এবার দ্বিগুণ আহমেদ পরিবারের কাছে৷ আবার আহমেদভাইদের উৎসব যেন মেহরা পরিবারেও দিওয়ালির রোশনাই নিয়ে এসেছে৷
‘জাতের নামে বজ্জাতি’র দিনে ঐক্যের নতুন বীজ রোপণ করেছেন জয়পুরের বিনোদ মেহরা ও আনোয়ার আহমেদ৷ আনোয়ারের দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন বিনোদের স্ত্রী৷ আবার বিনোদের দান করা কিডনিতে প্রাণ পেয়েছেন আনোয়ারের স্ত্রী৷ সেপ্টেম্বর মাসের ২ তারিখ জয়পুরের এক বেসরকারি হাসপাতালে এই বিরল অস্ত্রোপচার করেন চিকিৎসক আশুতোষ সোনি৷
বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন বিনোদের স্ত্রী অনিতা৷ তাঁর ব্লাড গ্রুপ ছিল B+৷ A+ ব্লাড গ্রুপের বিনোদের পক্ষে স্ত্রীকে কিডনি দেওয়া সম্ভব ছিল না৷ একই সমস্যায় পড়েছিলেন আনোয়ারও৷ অতিরিক্ত পেইন কিলার খাওয়ার ফলে কিডনি অকেজো হয়ে গিয়েছিল আনোয়ারে স্ত্রী তসলিম জাহানেরও৷ ঘটনাচক্রে তসলিমের ব্লাড গ্রুপ A+ এবং B+ ব্লাড গ্রুপ আনোয়ারের৷
সাধারণত নিকট আত্মীয়দের থেকেই রোগীর জন্য কিডনি নিয়ে থাকেন চিকিৎসকরা৷ কিন্তু, আনোয়ার-অনিতা ও বিনোদ-তসলিমের ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় এই ‘চান্স’ নেন আশুতোষ সোনি৷ অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে৷ অনোয়ার-বিনোদ আগেই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে৷ সোমবার ছাড়া পাবেন তসলিম ও অনিতা৷ নতুন জীবনে উৎসবের আনন্দ তাই ভাগ করে নেবে দুই পরিবার৷
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের