সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেক্স: যে দেশের রাষ্ট্রপতি দলিত সম্প্রদায়ের মানুষ। যে দেশের প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে চলার কথা বলেন। সেই দেশেই আবার দলিতদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি হয়! ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায়। তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।
[রাস্তাতেই সন্তান প্রসব কিশোরীর, মুখ ফেরাল স্বাস্থ্যকেন্দ্র]
হামিরপুর জেলার মৌদাহা এলাকার গরহা গ্রাম। এই গ্রামেরই রাম জানকি মন্দির প্রায় সপ্তাহ দুয়েক ধরে চলছে রামায়ণ পাঠের আসর। প্রতিদিন আশপাশের বহু গ্রাম থেকে এই রামায়ণ পাঠের অনুষ্ঠানে যোগ দিতে আসেন অনেকেই। বুধবার সকালে আচমকা মন্দিরের সামনে একটি বোর্ড লাগিয়ে দেন পুরোহিত কানওয়ার বাহাদুর সিং। বোর্ডে লেখা ছিল, ‘দলিতদের মন্দিরে ভিতরে প্রবেশ নিষিদ্ধ’। এমনকী রামায়ণ পাঠের অনুষ্ঠানে যোগ দিতে আসা দলিত সম্প্রদায়ের মানুষদের চলে যেতে বলেন মন্দিরের পুরোহিত। ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। চাপে পড়ে শেষপর্যন্ত অবশ্য বোর্ডটি খুলে দিতে বাধ্য হন রাম জানকি মন্দিরের পুরোহিত কানওয়ার বাহাদুর সিং। তবে মন্দিরের পুরোহিত সাফ জানিয়েছেন, এটা তাঁদের পারিবারিক মন্দির। তাই দলিতদের মন্দিরের ভিতরে ঢুকতে দেবেন না তিনি।
[কবে ‘স্যার’ আসবেন? দিনের পর দিন স্কুলের বাইরে অপেক্ষায় শিশুরা]
রাম জানকি মন্দিরের পুরোহিতের এই আচরণে রীতিমতো হতবাক হয়ে যান স্থানীয় দলিত সম্প্রদায়ের মানুষেরা। স্থানীয় বাসিন্দা উমাশংকর শ্রীবাস বলেন, ‘সকালে আমার ভাইপো তাঁর বন্ধুকে নিয়ে মন্দিরে গিয়েছিল। কিন্তু তাদের মন্দিরে ঢুকতে দেননি পুরোহিত।’ গোটা ঘটনা জানিয়ে মৌদাহা মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় দলিত সম্প্রদায়ের মানুষেরা। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে পাঠান মহকুমাশাসক সুরেশ মিশ্র। স্থানীয় থানাকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। মৌদাহার মহকুমাশাসক সুরেশ মিশ্র জানিয়েছেন, এই ঘটনা নিয়ে রাজস্ব দপ্তরের রিপোর্টের অপেক্ষায় আছেন তিনি। রিপোর্ট এলেই ব্যবস্থা নেওয়া হবে।
[যোগীর রাজ্যে বাড়িতে ঢুকে দুই কিশোরীর উপর অ্যাসিড হামলা দুষ্কৃতীদের]
এদিকে, গ্রামের মন্দিরে দলিতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির কড়া নিন্দা করেছেন গরহা গ্রামের প্রধান রাম সাজেবনও। তিনি বলেন, ‘এই প্রথম গ্রামে এইরকম ঘটনা ঘটল। পুরোহিতের আচরণে লজ্জায় গোটা গ্রামের মাথা হেঁট হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, গড়হা গ্রামে প্রায় ৫ হাজার মানুষের বাস। বাসিন্দাদের ৩০ শতাংশই দলিত সম্প্রদায়ের।
[প্রকাশ্যে শৌচকর্ম করায় নাবালিকাকে কী শাস্তি দেওয়া হল জানেন?]
সর্বশেষ খবর
-
জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশনেও কড়া নিয়ম আনছে কেন্দ্র, দেরি হলেই শাস্তি! পড়তে হবে ভোগান্তিতে
-
দুধ কিনতে বেরিয়ে উধাও রাইফেল শুটার দময়ন্তী সেন! অপহরণ নাকি অন্যকিছু?
-
নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী!
-
ফিরছে মারণ মহামারী? অন্ধ্রপ্রদেশে এক মাসে কোভিডে মৃত ৪, আক্রান্ত অন্তত ১২ জন
-
প্রবল ভিড়ে ভক্তদের মৃত্যু, মাসির বাড়ির আগেই থমকে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথ! কখন শুরু যাত্রা?