সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে এই নয়া নিয়ম প্রত্যাহারেরও দাবি তুলেছিলেন তিনি৷ টুইট করে এই সিদ্ধান্তকে হঠকারি বলে দাবি করেছিলেন তিনি৷ এবার তাঁর এই বক্তব্যকেই সমর্থন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
দেশের অভ্যন্তরে কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঘটনায় বিশেষ কোনও কথা বলেননি কেজরিওয়াল৷ দেশের অন্যান্য বিরোধী দলগুলি এই ঘটনার বিরোধিতা করলেও, কেজরি বিশেষ কোনও কথা বলেননি৷ যদিও আজ বুধবার মমতা বন্দোপাধ্যায়ের টুইটটি তিনি রিটুইট করে গোটা বিষয়টি সম্পর্কে নিজের মতামত স্পষ্ট করে দিয়েছেন৷
অন্যদিকে, মোদির এই সিদ্ধান্তকে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দোপাধ্যায় হঠকারি বললেও, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ কালো টাকার বিরুদ্ধে মোদির এই সার্জিক্যাল স্ট্রাইক প্রাথমিকভাবে সাধারণ মানুষের জীবনে সমস্যা ডেকে আনলেও বৃহত্তর ক্ষেত্রে মোদির এই সিদ্ধান্ত লাভদায়ক হবে বলেই মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী৷ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “আমি মনে করি দেশের অর্থনীতি এই সিদ্ধান্তে লাভবান হবে৷ তাই এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷”
আচমকা দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনা কেবলই সমস্যার সৃষ্টি নাকি দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তা নিয়ে নানা মত শোনা যাচ্ছে চতুর্দিকে৷ রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিজীবী মহলগুলিতে মোদির এই সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ার ঘটনাও ঘটেছে এদিন৷
সর্বশেষ খবর
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?