Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Madras High Court

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে মৃত্যু যুবকের! পরিবারকে ২৫ লক্ষ টাকা দেবে প্রশাসন, নির্দেশ আদালতের

অজিতের শরীরে ৪৪টি আঘাতের চিহ্ন মিলেছে, একাধিক অঙ্গে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫, ১৬:৩১

options
link
তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে মৃত্যু যুবকের! পরিবারকে ২৫ লক্ষ টাকা দেবে প্রশাসন, নির্দেশ আদালতের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল জম্মু ও কাশ্মীরে এক পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়ে অকথ্য অত্যাচারের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তামিলনাড়ুতে এক ব্যক্তির হেফাজতে পুলিশি অত্যাচারে মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসনকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট।

গত ২৮ জুন দক্ষিণের রাজ্যে পুলিশ হেফাজতে মৃত্যু হয় অজিত কুমার নামের এক যুবকের। সম্প্রতি এই বিষয়ে আদালতে মামলা উঠলে সরকার পক্ষ জানায়, ইতিমধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অন্তর্বর্তী আর্থিক সাহায্য করা হয়েছে মৃতের পরিবারকে। এছাড়াও অজিতের ভাইকে জমি এবং সরকারি চাকরি দেওয়া হয়েছে। যদিও অজিতের ময়নাতদন্তের রিপোর্টে নারকীয় অত্যাচারের বিষয়টি জানতে পেরে আদালত বলেছে, তদন্ত প্রক্রিয়ায় আরও বেশি করে সাহায্য করতে হবে প্রশাসনকে। এছাড়াও মোট ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।

Advertisement

গত ২৭ জুন অলঙ্কার চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অজিতকে। পরদিনই মৃত্যু হয় তাঁর। এরপর সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, পুলিশ হেফাজতে অকথ্য অত্যাচার করা হচ্ছে অভিযুক্ত যুবককে। লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করা হয় তাঁকে। মনে করা হচ্ছে যে এর ফলেই মৃত্যু হয়েছে তাঁর। অভিযুক্ত পুলিশকর্তারা অবশ্য দাবি করেন, চুরি করে পালানোর সময় মৃগী রোগে আক্রান্ত হন অজিত। এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, অজিতের শরীরে মোট ৪৪টি আঘাতের চিহ্ন রয়েছে। একাধিক অঙ্গে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে তাঁর।

জম্মু ও কাশ্মীরের ঘটনাটি ২০২৩ সালের ২০ থেকে ২৬ ফেব্রুয়ারির। এই ছয় দিন ধরে পুলিশ কনস্টেবল খুরশিদ আহমদ চৌহানকে কুপওয়াড়ার জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটকে রেখে অকথ্য অত্যাচারের অভিযোগ। আদালতে খুরশিদ অভিযোগ করেন, মারধরের পাশাপাশি কেটে নেওয়া হয়েছিল যৌনাঙ্গও। নাগরিকের মৌলিক অধিকারের প্রশ্ন তুলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আদালতে যান কনস্টেবল। যদিও পালটা তাঁর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা দায়ের হয়।

সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা ওঠে। সিবিআইকে আগামী এক মাসের মধ্যে তদন্তপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন দুই বিচারপতি। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত আধিকারিকদের এক মাসের মধ্যে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এইসঙ্গে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অবিলম্বে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে খুরশিদকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা বাতিল করেছে শীর্ষ আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.