সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইক৷ যুদ্ধবিরতি লঙ্ঘন৷ পাকিস্তান রেঞ্জার্স৷ সংঘর্ষ৷ এই শব্দগুলো অজান্তেই শিখে ফেলেছে ওরা৷ ওদের কারও স্কুল পুড়ে ছাই৷ কারও স্কুল বন্ধ৷ গুলিবারুদের গন্ধে বেড়ে ওঠা কাশ্মীরের স্কুল ছাত্রদের কাছে এটাই গত ১১৫ দিনের উপত্যকার ছবি৷
এদিকে, দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা নভেম্বরেই শুরু৷ ২৬টির বেশি স্কুলবাড়ি পুড়ে যাওয়ার পর এবার টনক নড়ল কেন্দ্রের৷ মুফতি সরকারের কাছে কেন্দ্র জানতে চাইল উপত্যকার স্কুলগুলি কবে খুলবে৷ উপত্যকার প্রতিটি স্কুল যাতে খুব তাড়াতাড়ি খোলা যায়, স্বরাষ্ট্রমন্ত্রক সেই ব্যবস্থা নিতেই উদ্যোগী হতে বলল জম্মু সরকারকে৷ এদিকে, একের পর এক স্কুল জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জম্মু-কাশ্মীর হাই কোর্টের তরফে সোমবার পুলিশ শিক্ষাব্যবস্থার শত্রুদের চিহ্নিত করে প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা নির্দেশ দেওয়া হয়েছে৷ পরবর্তী শুনানি ৭ নভেম্বর৷
অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে ১৭৪টি স্কুল বন্ধের নির্দেশ দিল মুফতি সরকার৷ সীমান্ত বরাবর নিয়মিত ভারত-পাক সেনার লড়াই৷ কোথাও বা স্থানীয় গ্রাম লক্ষ্য করে শেল-মর্টার ছুড়ছে পাক সেনা, জ্বলছে স্কুলবাড়ি৷ “একটার পর একটা স্কুল পুড়ছে, মনে হচ্ছে আমার হৃদয় জ্বালিয়ে দিচ্ছে”, এমনটাই মন্তব্য অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক মুজফ্ফর ওয়ানির৷ তাঁর বর্তমান পরিচয় হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির বাবা৷ বুরহানের মৃত্যুর পর ৯ জুলাই থেকে উপত্যকায় অশান্তি শুরু৷ তার মৃত্যুর পরই বিচ্ছিন্নতাবাদীরা উপত্যকায় ধর্মঘটের ডাক দেয়৷
অশান্তির কারণেই অজস্র স্কুলবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ এই প্রসঙ্গে মুজফ্ফর বললেন, একজন শিক্ষক হিসাবে তাঁর মনে হয়, শিক্ষাহীন সমাজের কোনও নিজস্ব পরিচয় নেই৷ যারা স্কুলবাড়ি জ্বালাচ্ছে, তারা ভুল৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রক জম্মু-কাশ্মীর সরকারকে স্কুলগুলির নিরাপত্তার বিষয়ে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে এদিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে স্কুলগুলি চালু করাই হবে অন্যতম জরুরি পদক্ষেপ৷ স্বরাষ্ট্রমন্ত্রক জম্মু সরকারকে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে, যাতে ৫০০টি স্কুলে সময় মতো পরীক্ষা নেওয়া হয়৷ নভেম্বরের ১৫ তারিখে রাজ্যে দশম শ্রেণির পরীক্ষা শুরু, শেষ ২৮-এ৷ এদিকে একাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, শেষ ৩ ডিসেম্বর৷
সর্বশেষ খবর
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!