স্টাফ রিপোর্টার: সংগঠনকে গতিশীল করতে চাই আরও বেশি নতুন মেধাবী মুখ৷ আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, সামনে পঞ্চায়েত নির্বাচন৷ সংগঠনকে আরও মজবুত ও গতিশীল করতে যুবসমাজকে সামনে আনতে হবে বলেই মনে করেন তিনি৷ কারণ বিধানসভা ভোটে যাঁরা অন্তর্ঘাত করেছেন, তাঁদের আর কোনও দায়িত্ব দেওয়ার পক্ষপাতী নন তিনি৷ এর মধ্যে তোলাবাজি ও গোষ্ঠীবাজির মতো ঘটনায় দলের গুটি কয়েক নেতার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে কঠোর পদক্ষেপ করেছে প্রশাসন৷ শনিবার কালীঘাটে নিজের অফিসে বসে মমতা আবারও সতর্ক করে দিয়েছেন, দলে থেকে কোনও অনিয়ম করলে তিনি কঠিন এবং কঠোর৷ প্রশাসন তদন্ত চালাচ্ছে৷ অভিযোগ পেলে দলও রেয়াত করবে না৷
তোলাবাজির অভিযোগে ইতিমধ্যে সল্টলেকের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে প্রশাসন৷ তার পর থেকে বেআইনি প্রোমোটিং, তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বের মতো নানা ঘটনায় একাধিক অভিযোগ এসেছে৷ মমতার একাধিক জেলা সফরে এ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা গিয়েছে৷ নেওয়া হয়েছে দ্রূত ব্যবস্হা৷ এদিন কালীঘাটে দলের নীতি-নির্ধারণ কমিটির বৈঠকে সেই মেজাজেই নেত্রীকে দেখলেন রাজ্য নেতারা৷ সুব্রত বক্সি, মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো দলের নীতি-নির্ধারণ কমিটির সদস্য ও শীর্ষ নেতারা৷ নিয়ম মেনে দলে থাকতে হলে তার আচরণবিধি কী হওয়া উচিত, এদিনের বৈঠকে তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা৷ বলেছেন, শোধরানোর সুযোগ দেওয়া হয়েছে৷ এবার অভিযোগ পেলে আর রেয়াত নয়৷
বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার জিতে আসার পর মমতা সংগঠনের রাশ শক্ত করতে চাইছেন৷ রণংদেহী মেজাজে মমতা এদিন আবারও বুঝিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনে যাঁরা অন্তর্ঘাত করেছেন, দল তাঁদের বরদাস্ত করবে না৷ পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব তাই আর তাঁদের দেওয়া হচ্ছে না৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা দায়িত্ব দিয়েছেন অবিলম্বে সংগঠনে যুবনেতাদের তুলে আনতে হবে৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল স্তরে সংগঠনকে মজবুত করতে মেধাবী, পরিশ্রমী ছেলেমেয়েদের দায়িত্ব দিতে হবে৷ হুগলি ও হাওড়ায় এই সাংগঠনিক পরিবর্তন করেছেন মমতা৷ হুগলিতে দিলীপ যাদবের জায়গায় দায়িত্ব পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়৷ কোচবিহারে যুব সভাপতির আকস্মিক মৃত্যুর কারণে অস্থায়ীভাবে দায়িত্ব পেয়েছেন অর্ঘ্য রায়প্রধান৷
মানুষের সঙ্গে নিত্য যোগাযোগে থাকতে হয় মমতাকে৷ তাই সব খবরই কানে আসে৷ এ প্রসঙ্গে রাজারহাট-বিধাননগরের নেতৃত্বকে মমতা বলেছেন, ঐক্যবভাবে এলাকার সমস্যা মেটাতে হবে৷ যদি তা না হয়, সেক্ষেত্রে কঠোর মনোভাব নেবেন নেত্রী৷ এক্ষেত্রে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছেন তিনি৷ বিধায়ক সুজিত বসুর নেতৃত্বে করে দেওয়া হয়েছে একটি কমিটিও৷ উত্তর ২৪ পরগনার সার্বিক দায়িত্বে আরও গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে৷ হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ নদিয়াতেও নেতৃত্বে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন মমতা৷ হুগলিতে সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছে পারভেজ রহমানকে৷ পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন জেলা সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতিদের৷ ছাত্র-বিক্ষোভ নিয়ে সতর্ক করা হয়েছে মালদহ জেলাকে৷ হরিশচন্দ্রপুর কলেজে অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনায় ওই ইউনিট এদিন ভেঙে দেওয়া হয়েছে৷ একাধিক অভিযোগের প্রেক্ষিতে ভেঙে দেওয়া হয়েছে বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের ইউনিটও৷ কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় সংগঠনে সমন্বয়ের বার্তা দিয়েছেন মমতা৷
সর্বশেষ খবর
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের