সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাতিল হতে চলেছে বেশকিছু প্রাচীন আইন। প্রাচীনই বটে। কারণ তাদের ব্যবহার এখন প্রায় অচল। ভারতের আধুনিকীকরণের পথে যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। নরেন্দ্র মোদি সরকার আইন সংস্কারের পথে হাঁটতে চাইছে।আর তাই বাতিল হতে চলেছে প্রায় ১২০০টি আইন। এছাড়াও তালিকায় যোগ হয়েছে আরও ১৮২৪টি আইন, যেগুলি বাতিলের খাতায় তোলা হয়েছে। খবরের সত্যতা স্বীকার করেছেন খোদ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।

প্রশাসনের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য যে মসৃণ ও বাধাহীন আইনের প্রয়োজন, এগুলির সবকটাই সে পথে অন্তরায়। তাই আইন বাতিল করার পথে খুব তাড়াতাড়িই হাঁটতে চলেছে মোদি সরকার। এরকম অসংখ্য আইনের মধ্যে একটি আইন বলছে, গঙ্গায় ফেরি চলাচলের ভাড়া কখনোই দুই আনার বেশি হতে পারবে না। আবার কোনও আইন অনুযায়ী বেশ কয়েকটি রাজ্যে যাতে প্রচারপত্রিকা আকাশপথে বিতরণ না করা হয়, তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকর্মীদের। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহার করা এই প্রচারপদ্ধতিকে মাথায় রেখে তৈরি এই আইন, বর্তমান সময়ে হাস্যকর বলে মত আইনবিভাগের। ২০০ বছরের পুরোনো একটি আইন বলছে, ভারতের সব আদালতের বিচার পর্যালোচনা করে দেখবে ব্রিটিশ শাসক। ১৮৭৮ সালের একটি আইন অনুযায়ী রাজস্ব দপ্তরকে না জানিয়ে যদি কোনও নাগরিকের কাছে ১০ টাকার বেশি পাওয়া যায়, তাঁকে গ্রেপ্তার করতে হবে। স্বাধীনতার ছয় দশক পরে এইসব আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাটাও হয়ত বাতুলতা।

স্বাধীনতা পাওয়ার এই ছয় দশক ধরে কাজের সুবিধার্থে প্রায় ১০৩১টি আইনকে অচল বলে ঘোষণা করা হয়। বর্তমান সরকার এই কাজের উপর আরও জোর দিয়ে আইন বিভাগের আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। এরজন্য প্রয়োজনীয় বিলও তৈরি হয়েছে। রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে বিলটি, আশা আইনমন্ত্রীর। প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতিতে নরেন্দ্র মোদি বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে যতগুলি বিল আইনে পরিণত করবে, তার প্রেক্ষিতে ১০টি করে পুরোনো আইন বাতিল করবে।
[OMG! ২০২৪ সালের মধ্যে এই কারণে চিনকে ছাপিয়ে যাবে ভারত!]
এই কাজের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব আর রামানুজনের নেতৃত্বে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে কেন্দ্র। এই কমিটি মূলত কাজ করবে ল’ কমিশনের সাহায্য নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে প্রস্তাবিত বাতিল আইনের তালিকার পুনর্বিবেচনাও করা হবে বলে সূত্রের খবর।
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!