নন্দিতা রায়, নয়াদিল্লি: সত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ‘তেরঙ্গা যাত্রা’র জন্য দলীয় সাংসদদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১৫ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত প্রত্যেক বিজেপি সাংসদকে নিজেদের লোকসভা কেন্দ্রে আট ফুটের পতাকা নিয়ে মোটরসাইকেলে ‘তেরঙ্গা যাত্রা’র নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি জনসাধারণকে কেন্দ্রীয় সরকারের সত্তরটি কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করার দায়িত্বও দিয়েছেন মোদি বলে খবর৷
মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরুর আগে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী সত্তরতম স্বাধীনতা দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করার কথা বলেন৷ সরকারের কোন কোন সত্তরটি কর্মকাণ্ডের বিবরণ মানুষের সামনে তুলে ধরা হবে, তা ঠিক করার জন্য মোদি একটি কমিটি গড়ারও নির্দেশ দিয়েছেন৷ প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বে এই কমিটি তালিকা তৈরি করবে৷ তালিকাটি পাঠিয়ে দেওয়া হবে দলীয় সাংসদদের কাছে৷ মোটরসাইকেল যাত্রার পাশাপাশি জীবিত স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন অথচ স্বীকৃতি পাননি এমন মানুষদেরও এলাকা থেকে খুঁজে বের করে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে৷
এবছরের স্বাধীনতা দিবসকে বিশেষভাবে পালন করার জন্য প্রধানমন্ত্রী এই কর্মকাণ্ডের সঙ্গে সমস্ত দলের সাংসদদের যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন৷ ‘তেরঙ্গা যাত্রা’র পাশাপাশি স্বাধীনতা দিবসের দিন আর কী কী অনুষ্ঠান হবে, সে বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সিদ্ধান্ত নেবেন বলেও এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷ সংসদেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার