বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: “৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে।” বৃহস্পতিবার নাগপুরে এমন বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা আরও একবার উসকে দিলেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। একই মাসে ৭৫ পূর্ণ করবেন মোহন ভাগবতও। সংঘ প্রধানের এমন মন্তব্য মোদিকে বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংঘের বিধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে। মোদিও যাতে অবসরের চিন্তাভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছে রাজনীতিক কারবারীরা। ভগবতের মন্তব্যে উৎসাহী বিরোধীরাও।
বৃহস্পতিবার সংঘচালক মোহন ভাগবত ৭৫ বছর বয়সে অবসর নিয়ে ফের একবার প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ায় নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেছেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” তাঁর বক্তব্য ধরেই মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অবসর নিয়ে বিতর্কের ধুনো জ্বেলে দিলেন। এর আগেও আরএসএস এবং বিজেপির গঠনকাঠামো ও সংবিধান অনুযায়ী ৭৫ বছর বয়সে অবসরের নিয়মের দৃষ্টান্ত টেনেছিলেন উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। ‘স্পষ্টবক্তা’ বলে খ্যাত রাউত বলেছিলেন, নাগপুরে মোদী-ভাগবত একান্ত আলোচনায় প্রধানমন্ত্রীকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সরসংঘচালক।
ভাগবতের কথা সত্যিই তাৎপর্যপূর্ণ বলে দাবি করে রাউত বলেন, এটা ভাগবত প্রধানমন্ত্রী মোদীকেই বার্তা দিয়েছেন। রাউতের কথায়, “মোদি হলেন সেই ব্যক্তি, যিনি লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশি, যশবন্ত সিংয়ের মতো নেতাকে ৭৫ বছর বয়সে অবসর নিতে বাধ্য করেছিলেন। এখন দেখা যাক নিজের ক্ষেত্রে মোদী তা প্রয়োগ করেন কিনা!” তবে মোদির অবসর নিয়ে এমন কথা উঠলেই রে রে করে মাঠে নেমে পড়ে বিজেপি নেতৃত্ব। গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে, বিজেপির সংবিধানে এমন কোনও আইন নেই। সেই মতো মোদীও ৭৫ বছরে অবসর নেবেন, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৯ সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে, সেরকম ইঙ্গিতই মিলল ভাগবতের কথায়।
সর্বশেষ খবর
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের