সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে, ধর্মের কল বাতাসে নড়ে। নাহলে বিহারে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় এমন ফল হয়! গত বছর যা ছিল ৬২ শতাংশ, সেই পাশের হার এবার নেমে হয়েছে ৩৫ শতাংশ। পড়শি রাজ্য বাংলায় যখন উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৪.২০ শতাংশ, সেখানে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বিহারের উচ্চশিক্ষা ব্যবস্থা। বিহার টপার কেলেঙ্কারি এখনও সবার মনে টাটকা। শীর্ষ স্থানাধিকারীর বাবা কি না মেয়েকে পাশ করানোর জন্য ঘুষ দিয়েছিলেন। তারপর এই ঘটনা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শত চেষ্টাতেও হাল ফিরল না রাজ্যের শিক্ষাব্যবস্থায়। কিন্তু এই ফলাফলকেও সার্টিফিকেট দিচ্ছেন শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি। কংগ্রেস বিধায়ক বলছেন, এই ফলাফলই বলে দিচ্ছে, রাজ্যের শিক্ষাব্যবস্থার দিন ফিরছে। কীভাবে? না, গণ টোকাটুকি, পাশ করানোর জন্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের ঘুষ নেওয়া সবই না কি নির্মূল হয়ে গিয়েছে রাজ্য থেকে। তাই ৩৫ শতাংশ পাশের হারকেও ভাল দিক মনে করছেন মন্ত্রী।
[প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম হুগলির অর্চিষ্মাণ]
প্রসঙ্গত, গত বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৬৬ শতাংশ। সেটাই এবার ৩০ শতাংশ পড়েছে। কলা বিভাগেও একই হাল। গতবছরের ৫৭ শতাংশ থেকে ৩৭ শতাংশ হয়েছে। একমাত্র মান রেখেছে বাণিজ্য বিভাগ। ৭৪ শতাংশ পাশের হার, যা গতবছর ছিল ৮০ শতাংশ। টপার কেলেঙ্কারির জন্য দুনিয়া জুড়ে খবরের শিরোনামে আসে বিহার। কিন্তু নীতিশ কুমার অনড়, পাশের হার যাই হোক, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা তিনি আনবেনই। তাই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যেভাবেই হোক শিক্ষার মানোন্নয়ন করতে হবে। গণ টোকাটুকি, ঘুষ নেওয়া বন্ধ করার জন্য স্বচ্ছতা অভিযান শুরু করেছেন শিক্ষা দপ্তরে। তাঁর মতে, ভাল কিছু পেতে গেলে তো শূন্য থেকেই শুরু করতে হবে। ৩৫ শতাংশ পাশের হার এমন কী আর খারাপ!
[উচ্চমাধ্যমিকে সসম্মানে উত্তীর্ণ মা-ছেলে, পাশ করতে পারলেন না বাবা]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের