সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন যুবতী৷ পুরো ছক সাজিয়ে ফেলেছিলেন টেলিভিশনের ক্রাইম সিরিজ দেখে৷ নিজেকে অপহরণ করে নিজের স্বামীর কাছেই চেয়েছিলেন ১০ লক্ষ টাকা মুক্তিপণ৷ কিন্তু শেষরক্ষা হল না৷ ধরা পড়ে গেলেন মুম্বই পুলিশের হাতে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছরের ওই যুবতী স্বামীর সঙ্গে কোচিং সেন্টার চালাতেন৷ কয়েকদিন আগেই দুপুর একটা নাগাদ তিনি বিজয় পার্কের ঘর থেকে কোচিং ক্লাস করানোর জন্য মীরা রোডের উদ্দেশে বেরিয়েছিলেন৷ ঘণ্টাখানেক পর যুবতীর স্বামী একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান৷ যাতে মুখ বাঁধা অবস্থার তাঁর স্ত্রীর অজ্ঞান হয়ে পড়ে থাকার একটি ছবি ছিল৷ ঠিক ১৫ মিনিটের ব্যবধানে আরও একটি মেসেজে মুক্তিপণ হিসেবে দশলক্ষ টাকা দাবি করা হয়েছিল৷
স্ত্রীর অপহরণের মেসেজ পেয়েই পুলিশের কাছে যান স্বামী৷ ঘটনার তদন্তে নেমে যুবতীর যাত্রাপথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ যাতে তাঁকে মীরা রোডের রেলস্টেশনের কাছে একা ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায়৷ এরপরই মোবাইল ফোনের সূত্র ধরে রহস্যের সমাধান করে মুম্বই পুলিশ৷ পুলিশের জেরার মুখে নিজের এই কীর্তির কথা স্বীকার করে নেন যুবতী৷ তাঁর অভিযোগ, যৌথভাবে কোচিং সেন্টার চালানোর পরও স্বামী ঠিকঠাক লভ্যাংশ দেন না৷ সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি৷ কোনও পুলিশি অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি শেষ পর্যন্ত৷ তাই গ্রেফতার করা হয়নি যুবতীকে৷
সর্বশেষ খবর
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?
-
বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক! এবার কড়া নিয়ম আনার পথে বিসিসিআই
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!