সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরিয়ত আইন নিয়ে ধন্দ কাটাতে এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে জোর দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ ভারচুয়াল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এ নিয়ে যাবতীয় সংশয় কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি টিভি চ্যানেল ও সংবাদপত্র আনারও ভাবনা আছে বোর্ডের৷
[ “আইন করলেও মুসলিমরা শুধু শরিয়তই মানবে” ]
তিন তালাক ইস্যুকে কেন্দ্র করেই এই ধন্দ জোরদার হয়েছে৷ প্রশ্ন উঠেছে শরিয়তি আইন কী করে সংবিধানের উপরে থাকতে পারে? অন্যদিকে এই শরিয়ত বিধিকে সম্বল করেই তিন তালাককে সমর্থন জানিয়েছে বোর্ড৷ তবু মুসলিম মহিলাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ যাতে না হয়, সে কারণে তিন তালাক রদের আবেদন যেমন উঠেছে, তেমনই অভিন্ন দেওয়ানি বিধি চালুরও দাবি হয়েছে৷ তিন তালাক সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন৷ কিন্তু কেন শরিয়তি আইন সামনে রেখে তিন তালাককে সমর্থন জানাচ্ছে বোর্ড সে প্রশ্ন অনেক মুসলিমেরও৷ বিশেষত মুসলিম প্রধান দেশেও যখন এ প্রথা বন্ধ হয়েছে তখন ভারতেই বা হবে না কেন, এ প্রশ্নই ঘোরাঘুরি করছে বিভিন্ন শিবিরে৷ এই প্রেক্ষিতেই সংশয় কাটাতে উদ্যোগী হল বোর্ড৷ সোশ্যাল মিডিয়া মারফত নানা কথা সাধারণ মানুষ তুলে ধরেন৷ এক নিমেষে বহু মানুষের কাছে পৌঁছানোও যায়৷ তাই ভারচুয়াল মিডিয়াকে কাজে লাগিয়েই এ নিয়ে যাবতীয় ধন্দের অবসান ঘটাতে চাইছে বোর্ড৷
#AIMPLB to form social media committee, explore possibility of starting TV news channel & newspaper to clear ‘confusion’ on Sharia law
— Press Trust of India (@PTI_News) April 23, 2017
এ ব্যাপারে একটি কমিটি গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিন তালাক থেকে নিকাহ হালালা-বিভিন্ন বিষয়ে বোর্ডের অবস্থান ও তার যৌক্তিকতা ব্যাখ্যা করবে এই কমিটি৷ বস্তুত সোশ্যাল মিডিয়াতেই সমালোচনার কাঠগড়ায় উঠেছে শরিয়তি আইন৷ তাই এর মাধ্যমেই সংশয়ের মেঘ কাটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে শরিয়ত আইন সম্পর্কে আরও সচেতনতা ছড়াতে সংবাদপত্র ও টিভি চ্যানেল আনার কথাও আলোচিত হয়েছে বোর্ডের সাম্প্রতিক বৈঠকে৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক