সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগেই রদ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা। আর তা নিয়ে এখনও সরগরম জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর প্রতিশ্রুতি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি বিরোধী জোট জয়ী হয় তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়া হবে।
বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ (Nitish Kumar) বলেন, “যদি আমরা (কেন্দ্রে) সরকার গড়ার সুযোগ পাই, তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে নিশ্চিতভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আমায় শুধু বিহারের কথা বলছি না, অন্য রাজ্যগুলি যারা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য তাদের কথাও বলাছি।” তাৎপর্যপূর্ণ ভাবে, সম্প্রতি দিল্লি গিয়ে বিরোধী দলগুলির প্রধানদের সঙ্গে দেখা করেন জেডিইউ সুপ্রিমো। উদ্দেশ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ে তোলা। তিনদিনের শরদ পওয়ার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মুলয়ম সিং যাদব, অখিলেশ যাদব-সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি।
[আরও পড়ুন: বিবাদে ইতি! ২০২৪ লোকসভার আগে ফের একসঙ্গে নীতীশ-পিকে, দীর্ঘ বৈঠক ঘিরে জল্পনা]
বিশ্লেষকদের মতে, এনসিপি প্রধান শরদ পওয়ারের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার প্রচেষ্টা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চব্বিশের নির্বাচনে ‘বিজেপি হঠাও’ ডাক দিয়েছেন। কিন্তু, এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্ক তেমন ভাল নয়। আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) কংগ্রেসের নেতৃত্ব কতটা মেনে নেবে তা নিয়ে সংশয় রয়েছে। আবার, কংগ্রেস ছাড়া বিরোধী জোট কার্যত নিধিরাম সর্দারে পরিণত হবে বলেও ধারণা রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারে (Bihar) বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন নীতীশ। তবে কংগ্রেস, আরজেডি-র সঙ্গে মহাজোট গঠন করে মুখ্যমন্ত্রী পদ নিজের দখলে রেখেছেন তিনি। এবার জাতীয় স্তরে বিজেপিকে টক্কর দিতে চাইছেন জেডিইউ সুপ্রিমো। রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রধানমন্ত্রী পদের প্রতি নীতীশ কুমারের মোহ অজানা নয়। এবং কংগ্রেস দুর্বল হয়ে যাওয়ায় রাহুল গান্ধীকে সরাসরি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করার সামর্থ্য নেই শতাব্দী প্রাচীন দলটির। নিজের অনীহা আগেই প্রকাশ করেছেন শরদ পওয়ার। ফলে তৈরি হওয়া ‘ভ্যাকুম’ ভরাট করতে বিরোধ ঐক্যের মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন নীতীশ।
[আরও পড়ুন: ‘নিজেদের স্বার্থে জঙ্গিদের নিষিদ্ধ করতে দেয় না’, নাম না করে চিনকে খোঁচা জয়শংকরের]
সর্বশেষ খবর
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি