সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে নীতীশ কুমার কি এখন শুধুই ‘ছায়ামানব’? জল্পনা বেশ কিছুদিনের। এবার সেই জল্পনা আরও খানিকটা উসকে দিলেন কংগ্রেসের বিহার নির্বাচনের পর্যবেক্ষক অশোক গেহলট। তাঁর প্রশ্ন, নীতীশ কুমার কি কথা বলার মতো অবস্থাতেও নেই?
আসলে প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার এনডিএর ইস্তেহার প্রকাশ করেছেন নীতীশ কুমার, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ানরা। তবে খানিক চমকপ্রদভাবেই এদিন ওই ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ইস্তেহার নিয়ে কিছু বলেননি বিজেপি নেতারা। সাংবাদিক সম্মেলনে কোনও প্রশ্নও নেওয়া হয়নি। সেটা নিয়েই কটাক্ষ ছুঁড়ল কংগ্রেস। অশোক গেহলট খোঁচা দিয়ে বললেন, “মাত্র ২৬ সেকেন্ডের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান। সংবাদমাধ্যমের বন্ধুরা আমাকে বলছিলেন, এই প্রথমবার ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ২৬ সেকেন্ডের প্রেস কনফারেন্স দেখলেন তাঁরা।”
গেহলটের বক্তব্য, “এনডিএর উচিত ছিল সাংবাদিক সম্মেলনটা ২০ বছরের রিপোর্ট কার্ড দিয়ে শুরু করা। কিন্তু এনডিএ গণতন্ত্রে বিশ্বাসই করে না। ওরা সাংবাদিকদের প্রশ্নের জবাবই দিতে চাইল না। ওদের রিপোর্ট কার্ড দেওয়ার মতো পরিস্থিতিই নেই।” এরপরই নীতীশকে খোঁচা দিয়ে গেহলট প্রশ্ন তুললেন, “সাংবাদিকদের প্রশ্ন কেন নিলেন না? নীতীশ কুমার কি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই?”
আসলে বিহারে বেশ কিছুদিন ধরেই জল্পনা নীতীশ কুমার অসুস্থ হওয়ায় অনেক সিদ্ধান্তই তিনি নিজে নিচ্ছেন না। বা সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে তিনি নেই। বিশেষ করে প্রার্থী নির্ধারণে অনেক ক্ষেত্রে চূড়ান্ত সিলমোহর দিচ্ছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী, বা আমলারা। সরকারের কাজও চলছে আমলাদের উপর ভর করেই। তেজস্বী যাদব তো বলেই দিয়েছেন, এনডিএ জিতলেও নীতীশকে আর মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। সেই জল্পনাই ফের খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করলেন গেহলট।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার