সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ললিতা চিল্লারের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার করা হল জাতীয় কবাডি চ্যাম্পিয়ন রোহিত চিল্লারকে৷ শুক্রবার দিল্লি পুলিশের একটি দল মুম্বই থেকে আটক করে তাঁকে৷ তারপর গ্রেফতার করা হয় তাঁকে৷ ট্রানজিট রিমান্ডের মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত৷ এদিকে এই ঘটনায় দিল্লিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রোহিতের বাবা৷
দক্ষিণ-পশ্চিম দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার দেপেন্দ্র পাঠক জানান, মুম্বইয়ে নৌসেনায় কর্মরত রোহিতকে এদিন দুপুরে আটক করে দিল্লি পুলিশের একটি দল৷ কবাডি তারকার বাবা বিজয় সিং দিল্লির নাংলোই থানায় গৃহবধূ নির্যাতনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন৷ দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টরের পদে ছিলেন বিজয় সিং৷ পুলিশ জানায়, আত্মসমর্পণ করার পরই পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে৷
দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে চলতি সপ্তাহেই আত্মঘাতী হয়েছিলেন প্রো-কবাডি লিগে বেঙ্গালুরু বুলস দলের খেলোয়াড়ের স্ত্রী ললিতা৷ ২৭ বছরের ললিতা একটি সুইসাইড নোট এবং ফোনে আড়াই ঘণ্টার একটি ভিডিও রেকর্ড করে রেখে গিয়েছিলেন৷ সেখানেই তিনি শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগ জানিয়েছিলেন৷ দিনের পর দিন তাঁর উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালানো হত৷ স্বামী মুম্বইয়ে থাকলেও তাঁকে দিল্লিতে শ্বশুরবাড়িতেই আটকে রাখা হত৷ এমনকী ললিতার আধুনিক সাজগোজও পছন্দ করতেন না তাঁর স্বামীর পরিবার৷
ভিডিও থেকে এও জানা যায়, গত ১৫ তারিখ রোহিত বলেছিলেন, তাঁর খুশির জন্য ললিতা যেন তাঁকে ছেড়ে চলে যান৷ তারপরই আত্মহননের পথ বেছে নেন ললিতা৷ পণ প্রথার শিকার হয়েই ললিতার প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল৷ দ্বিতীয়বার একই অভিজ্ঞতা হওয়ায় ভেঙে পড়েন তিনি৷ রোহিত চিল্লারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!