সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার কারবার রুখতেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু এক মাস পরে দেখা যাচ্ছে, নিয়মের ফাঁক গলেই সাদা হচ্ছে কালো টাকা৷ আয়কর দফতরের অভিযানে যে পরিমাণ কালো টাকা ধরা পড়ছে তার প্রায় সবই নতুন নোট৷ কালো টাকা সাদা করার চক্র যে দেশে পুরোমাত্রায় সক্রিয় তা বলার অপেক্ষা রাখে না৷ আর দেখা যাচ্ছে, এ কাজে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই৷ কমিশনের বিনিময়ে কোটি কোটি টাকা বদলে দেওয়ার আশ্বাস দিচ্ছেন নেতারাই৷
নোট বাতিল নিয়ে কেন্দ্রর সিদ্ধান্তের বিরোধিতায় সরব অন্যান্য দলগুলি৷ সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ৷ সংসদের শীতকালীন অধিবেশনেও অচলাবস্থা জারি৷ তবে শুধু এই করেই ক্ষান্ত নন রাজনৈতিক নেতারা৷ কমিশন নিয়ে কালো টাকা সাদা করার চক্রে শামিল তাঁরা নিজেরাও৷ সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের স্টিং অপারেশনে ফাঁস হল এই তথ্য৷
দেখা গিয়েছে, এই কাজে হাজির প্রায় সব দলের নেতারাই৷ কংগ্রেস থেকে এনসিপি, সপা থেকে বিএসপি-র নেতারা তো আছেনই৷ এমনকী যে নীতিশ কুমার মোদির সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তাঁর দল জেডিইউ-এর নেতাও জড়িত এ কাজে৷
সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের এক সাংবাদিক টাকা বদলে দেওয়ার জন্য যোগাযোগ করেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে৷ তাঁদের মধ্যে আছেন সমাজাবাদী পার্টির টিটু যাদব৷ তিনি ৪০ শতাংশ কমিশনের বিনিময়ে টাকা বদলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন৷ কংগ্রেসের তারিক সিদ্দিকি আবার এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সাংবাদিকের যোগাযোগ করিয়ে দেবেন বলেছিলেন৷ তালিকায় আছেন এনসিপি নেতা রবি কুমার, জেডিইউ-এর সতীশ সাহানিরাও৷
নিয়মের ফাঁক গলে দেশে কীভাবে কোটি কোটি টাকা নতুন নোটে বদলে যাচ্ছিল তা নিয়ে ছিল নানা ধন্দ৷ এই স্টিং অপারেশন যেন তা অনেকটাই কাটাল৷
সর্বশেষ খবর
-
৫ জুন ২০২৬: বৃষ রাশির আজকের দিন
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু