সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে বসে ভারতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা! ২০২৫ সালের এপ্রিল মাসে কিলা লাল সিং থানায় আরপিজি নিয়ে আক্রমণ করে বব্বর খালসা ইন্টারন্যাশনাল। ওই নাশকতার ঘটনায় চার্জশিট পেশ করল এনআইএ। ১১ জনের বিরুদ্ধে মোহালিতে এনআইএ-র বিশেষ আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা।
ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বিভিন্ন ধারায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তাদের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র আইন, এবং বিস্ফোরক আইনেও মামলা করা হয়েছে। এই ঘটনায় আরও ১১ জন অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।
এপ্রিল মাসের নাশকতার দায় স্বীকার করে বব্বর খালসা ইন্টারন্যাশনালের বিদেশে থাকা জঙ্গি হরপ্রীত সিং, মন্নু আগওয়ান এবং গুরপ্রীত সিং। মে মাসে পাঞ্জাব পুলিশের হাত থেকে এই মামলা যায় এনআইএ-র হাতে। তাঁদের তদন্তে জানা যায়, এই ষড়যন্ত্রটি বিদেশে থাকা সন্ত্রাসবাদীরা পরিচালনা করে। দাবি করা হয়, ভারতে থাকা নিজেদের পরিবারকে কাজে লাগিয়ে তারা এই হামলা চালায়। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঞ্জাবের যুবকদের জঙ্গি সংগঠনে যুক্ত করার চেষ্টা করা হয় বলেও জানা গিয়েছে।
অন্যান্য ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের জন্য এনআইএ ১৯৩(৯) ধারায় তদন্ত চালাচ্ছে। অভিযুক্ত হরপ্রীত অমৃতসরের বাসিন্দা। একের পর এক অপরাধে গ্রেপ্তারি এড়াতে প্রথমে ভারত থেকে ব্রিটেনে পালায় হরপ্রীত। এরপর সেখান থেকে অবৈধভাবে প্রবেশ করে আমেরিকাতে। অবশেষে আমেরিকার মাটিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের