আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর কেটেছে মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যেই আপকে তুলোধোনা করতে শুরু করে দিলেন রাঘব চাড্ডা। তোপ দাগলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ‘শিশমহল’কেও। রাঘবের সাফাই, তিনি ভয় পেয়ে মোটেই দলবদল করেননি। বরং আপের প্রতি বীতশ্রদ্ধ হয়েই যোগ দিয়েছেন বিজেপিতে।
শুক্রবার বিকেলে ৬ জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন রাঘব। সদ্যপ্রাক্তন দল আপকে তোপ দেগেছিলেন সাংবাদিক সম্মেলনে। ২৪ ঘণ্টা কাটতেই বিজেপির সুরে সুর মেলাতে দেখা গেল রাঘবকে। শনিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা পরবেশ বর্মা দাবি করেন, কেজরিওয়াল দ্বিতীয় শিশমহল তৈরি করেছেন। শেয়ারও করেছেন তার ছবি। সেই একই কথা শোনা গিয়েছে রাঘবের কণ্ঠেও। তিনি বলেন, “শিশমহলের জন্য আপের ভাবমূর্তি একেবারে ভেঙে গিয়েছে। বিধানসভা ভোটে আপের হারের অন্যতম কারণ এই শিশমহল। ভোটের পর একবছরও কাটেনি, এখন দ্বিতীয় শিশমহল দেখতে পাচ্ছি আমরা।”
সাংবাদিক সম্মেলনে পরবেশ দাবি করেন, দ্বিতীয় এক শিশমহল গড়ে তুলছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও আপের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের মতে, ওই ছবিগুলি সম্পূর্ণ ‘ফেক’। যারা এই ছবি প্রকাশ করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু সদ্য আপ ছেড়ে যাওয়া রাঘবের তোপ, “যাঁরা এখনও আপের সঙ্গে যুক্ত রয়েছেন, শিশমহল নিয়ে আমজনতার প্রশ্নের জবাবে তাঁরা কী বললেন সেটা আমি জানতে চাই।”
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব-সহ ৭ আপ নেতা, এমনটা দাবি করছেন বিরোধীদের অনেকেই। সেই জল্পনাকেও তুলোধোনা করে রাঘব বলেছেন, “যারা এসব বলছে, বিশেষ করে আম আদমি পার্টির নেতারা, তাদের বলতে চাই আমরা মোটেই ভয় পাইনি। ভয় পেয়ে আপ ছাড়িনি। আমরা দল ছেড়েছি হতাশায়।” উল্লেখ্য, রাঘবের দলত্যাগের পর আপ শিবিরে আবারও ভাঙন ধরার গুঞ্জন ছড়াচ্ছে। পাঞ্জাবের ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন বলে দাবি হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দের।
সর্বশেষ খবর
-
রাম, হুইস্কি এবং ভদকার অ্যালকোহল আসলে একই! তাহলে তফাত গড়ে দেয় কোনটা
-
পুজোয় ৬০ হাজার মণ্ডপে জ্বলবে আলো, নিখরচায় বিদ্যুৎ সরবরাহে বড় পদক্ষেপ রাজ্যের
-
এবার বামেদের উদ্যোগ হলদিয়ায় বিশ্বকর্মা পুজো! হাই কোর্ট থেকে অনুমতি আদায় সিটুর
-
সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট, পরকীয়ায় মজে ট্রাম্প? ভাইরাল ছবিতে তুঙ্গে জল্পনা
-
১৭ সেপ্টেম্বর নয়, চলতি বছর কেন বদলে গেল বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ? জানুন শুভ তিথি