সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিবের বেশ কয়েকটি ছেঁড়া পাতা উদ্ধার হল একটি খাল থেকে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শিখ ধর্মাবলম্বীদের মধ্যে৷
পুলিশ সূত্রে খবর, জলন্ধরের বস্তি শেখ এলাকার এক খালে পবিত্র ধর্মগ্রন্থের কয়েকটি ছেঁড়া পাতা ভাসতে দেখা যায়৷ কী করে তা খালে এল সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নয় পুলিশ৷ এক ভক্ত গুরুদ্বার থেকে প্রার্থনা সেরে ফেরার সময় আচমকাই সেগুলি দেখতে পান৷ তিনি নিজেও সেগুলি উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন৷ খবর পেয়ে বহু মানুষ জড়ো হন৷ খুঁজতে খুঁজতে বেশ কিছু সংখ্যক পাতা উদ্ধার হয়৷ স্বভাবতই ব্যাপক উত্তেজনা ছড়ায় শিখ ধর্মাবলম্বীদের মধ্যে৷ বেশ কয়েকটি সংগঠন তখনই প্রতিবাদে সরব হয়ে ওঠে৷ কোনও গুরুদ্বার থেকে গ্রন্থসাহিব চুরি হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ আপাতত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷
গ্রন্থসাহিবের পাতাগুলি তুলে স্থানীয় একটি গুরুদ্বারে রাখা হয়েছে৷ তবে ঘটনার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে জলন্ধর শহর জুড়ে৷ পবিত্র ধর্মগ্রন্থের প্রতি আবেগের কথা মাথায় রেখেই বিক্ষোভ ছড়াতে পারে বলে অনুমান৷ তবে তা যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে, সে কারণে সবরকম সতর্কতা নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি