সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটের কৃপায় ইতিমধ্যেই চেনা মুখ হয়ে উঠেছেন মণিপুরের বিশেষ হুইরেম৷ আগামী নভেম্বরে তাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এই রূপান্তরকামী ভারতীয় মডেল৷ কিন্তু তার আগেই চরম দুর্ভোগে পড়লেন তিনি৷
সপ্তাহ খানেক আগের ঘটনা৷ বন্ধুর সঙ্গে ইম্ফলের এক স্থানীয় থিয়েটারে পারফর্ম করতে গিয়েছিলেন বিশেষ৷ কিন্তু তার আগেই মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে মার খেতে হল তাঁকে৷ বিশেষের অভিযোগ, মণিপুরের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী মোইরাংথেম ওকেন্দ্রর সামনেই তাঁর নিরাপত্তারক্ষীরা মারধর করে তাঁকে ও তাঁর বন্ধুকে৷ অথচ মন্ত্রী নির্বাক দর্শক হয়েই রইলেন৷ গোটা ঘটনার জন্য মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন তিনি৷
এদিকে বিশেষের আনা অভিযোগ উড়িয়ে দিয়ে নিরাপত্তারক্ষীদের দাবি, বিশেষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন৷ গাড়ি কিছুতেই ঘোরাতে পারছিলেন না৷ ফলে পিছনে মন্ত্রীর গাড়ি আটকে যায়৷ আর ঠিক সেই কারণেই একজন নিরাপত্তারক্ষী বিশেষকে সাহায্য করতে এগিয়ে যান৷
নিরাপত্তারক্ষীদের ব্যাখ্যাকে ভিত্তিহীন বলে বিশেষ পাল্টা জবাব দেন, তিনি একেবারেই মদ্যপান করে ছিলেন না৷ আসন্ন মডেলিং প্রতিযোগিতার জন্য তিনি হরমোন থেরাপি করাচ্ছেন৷ যার ফলে খাওয়া-দাওয়ার বাছবিচার মেনে চলতে হচ্ছে তাঁকে৷ নুন ও তেল খাওয়া নিষেধ তাঁর৷ তাই তাঁর মদ্যপ অবস্থায় থাকার কোনও প্রশ্নই ওঠে না৷ শুক্রবার মন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়ে মণিপুরি মডেল সাফ জানিয়ে দেন, আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রী ক্ষমা না চাইলে তিনি হেইরক এলাকার কোনও ছবি, থিয়েটার ও সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নেবেন না৷ এমন অবস্থায় ওকেন্দ্র কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১