সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দশক পর ফের এক ছাতার তলায় আসতে চলেছেন ঠাকরেরা? বিবাদ ভুলে একজোট হবেন রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে? ইঙ্গিত দু’তরফ থেকেই মিলছিল। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ে গেল। হিন্দি আগ্রাসনের প্রতিবাদে যৌথ কর্মসূচি ঘোষণা করলেন ঠাকরেরা দুই ভাই। দুই ভাই-ই বলেছেন, মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি তাঁদের নেই।
কিছুদিন আগেই মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিসের সরকার সে রাজ্যে কেন্দ্রের প্রস্তাবিত ত্রিভাষা নীতি চালুর কথা ঘোষণা করে। তাতে তৃতীয় ভাষা হিসাবে শেখানো হবে হিন্দি। বিজেপি সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে ফুঁসে ওঠেন ঠাকরেরা দুই ভাই। পরে চাপে পড়ে মুখ্যমন্ত্রী ফড়ণবিস সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করে নিয়েছেন। তবে তাতে প্রতিবাদ থামাননি ঠাকরেরা। এবার যৌথভাবে বড়সড় রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করলেন রাজ এবং উদ্ধব।
শিব সেনার উদ্ধব শিবিরের মুখপাত্র সঞ্জয় রাউত ঘোষণা করেছেন, হিন্দি আগ্রাসনের প্রতিবাদে এবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। মহারাষ্ট্রের স্কুলে বাধ্যতামুলকভাবে হিন্দি শেখানোর প্রতিবাদে এমএনএস এবং শিব সেনা উদ্ধব যৌথ কর্মসূচি নিতে চলেছে। উল্লেখ্য, আগামী ৫ জুলাই এমএনএসের এবং ৭ জুলাই উদ্ধব সেনার পৃথক কর্মসূচি রয়েছে ওই একই ইস্যুতে। মনে করা হচ্ছে, দুই শিবির এবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবে।
মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছে। বলা হচ্ছে, নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাকি বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিব সেনার উদ্ধব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আসলে সদ্যই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই অস্তিত্বের সংকটে। তাই অস্তিত্ব বাঁচাতে পুরনো পারিবারিক বিবাদে ঠাকরে পরিবার এক ছাতার তলায় চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ