সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলাফল কী হতে পারে তার আঁচ আগেই মিলেছিল। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনেও জিতে গেলেন এনডিএ প্রার্থী। রামনাথ কোবিন্দের ডেপুটি হচ্ছেন বেঙ্কাইয়া নাইডু। তবে বেঙ্কাইয়াকে লড়াই দিতে ব্যর্থ বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। ৫১৬টি ভোট পান বেঙ্কাইয়া, ২৪৪টি ভোট পান গান্ধী। ২৭২ ভোটে জিতে দেশের ১৩ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন বেঙ্কাইয়া নাইডু।
[উপরাষ্ট্রপতি নির্বাচনেও সংখ্যার দৌড়ে এগিয়ে বিজেপিই]
রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনেও নজির। এই প্রথম দেশের প্রধান দুই পদে এলেন বিজেপি মনোনীত কোনও প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচন খানিকটা একপেশে হলেও, এই ভোটে কিছুটা চমক ছিল। কারণ উপরাষ্ট্রপতি সমীকরণ ছিল আলাদা। কয়েকটি দল রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করলেও, এই ভোটে অবস্থান বদলায়। তাদের মধ্যে রয়েছে বিজু জনতা দল, সংযুক্ত জনতা দল এবং ওয়াইএসআর কংগ্রেস। তিন দল শিবির পালটালেও বেঙ্কাইয়া নাইডুর যাত্রাভঙ্গ হয়নি। প্রায় ৬৮শতাংশ ভোট পেয়ে ৬ মৌলানা আজাদ রোডের বাসিন্দা হচ্ছেন অন্ধ্রপ্রদেশের নেলোরের বাসিন্দা বেঙ্কাইয়া। কৃষক পরিবারের সন্তান বেঙ্কাইয়ার ছাত্র রাজনীতি থেকে তাঁর উত্থান। আরএসএসের একেবারে ঘরের ছেলে ছিলেন তিনি। এভাবেই ধীরে ধীরে অন্ধ্র প্রদেশে বিজেপির দায়িত্ব পান। তারপর বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে এসেছিলেন বেঙ্কাইয়া। বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন। মোদির আমলেও সংসদ, নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেও একবারও লোকসভা ভোটে জিততে পারেননি বেঙ্কাইয়া। রাজ্যসভার ভোটে অবশ্য চারবার জিতেছেন।
[কবিগুরুর কলম চুরি, সমন গেল জোড়াসাঁকোয়!]
উপ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন সংসদের দুই কক্ষের সাংসদরা। এদিন ভোটগ্রহণে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী থেকে সোনিয়া গান্ধী, শচীন বা রেখা। অধিকাংশ সাংসদই সকাল দশটা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন। ৯৮ শতাংশের কিছু বেশি ভোট পড়ে। ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭৭১ জন ভোট দেন। তৃণমূলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, প্রতিমা মণ্ডল এবং কুণাল ঘোষ ভোট দেননি। বিজেপির দুই সাংসদ, কংগ্রেসের দুই সাংসদও ভোট দিতে পারেননি। জয়ের আগে বেঙ্কাইয়া জানিয়েছিলেন, তিনি এখন দলের উর্ধ্বে। তবে প্রতিপক্ষকে নিয়ে বিনয় ঝরে পড়েছিল বিরোধী জোট প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীর গলায়। বিরোধী প্রার্থী জানিয়েছিলেন, এনডিএ একজন অভিজ্ঞ ব্যক্তিকে নির্বাচন করেছে। তাঁর লড়াই দুটি দল বা কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। আগামী ১০ আগস্ট মেয়াদ শেষ হচ্ছে বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির। তিনি টানা দুবার এই পদে ছিলেন।
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের