সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে বিহার সরকারের সমালোচনা আর করা চলবে না! সোশ্যাল মিডিয়ায় নীতীশ (Nitish Kumar) সরকারের নিন্দা এবার ‘শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য হতে চলেছে বিহারে (Bihar)। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। খোদ মুখ্যমন্ত্রীর সমালোচনা করে পোস্ট করেন তিনি। শেষে লেখেন, “এবার আমাকে গ্রেপ্তার করুক বিহার পুলিশ।”
শুধুমাত্র তেজস্বী নন। বিহারের মুখ্যমন্ত্রীর নয়া নীতিতে ক্ষুব্ধ আমজনতাও। সেই ক্ষোভের আঁচ পেয়েই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কিন্তু অপমানজনক কথাবার্তা, গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নীতীশ সরকার জানায়, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এবার থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য হবে বিহারে। শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারি আধিকারিক বা কোনও মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
[আরও পড়ুন : জুন মাসের মধ্যেই নতুন ‘নির্বাচিত’ সভাপতি পাবে কংগ্রেস! সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির বৈঠকে]
উল্লেখ্য, প্রকাশ্য সমালোচনার তীব্র বিরোধী নীতীশ কুমার। তাই এবার এই শাস্তির পথে হাঁটতে চাইছেন তিনি। এ বিষয়ে বিহারের ইকোনমিক অফেন্সেস উইং-এর আইজি নায়ার হাসনেন খানকে নির্দেশ দিয়েছেন, সরকার ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অপমানজনক পোস্ট করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে রাজ্যের সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়। যার জেরে সুর নরম করেছে নীতীশ কুমারের সরকার। নয়া আইন প্রসঙ্গে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র কুমার বলেন, “গণতন্ত্রের জন্য সমালোচনা সবসময় ভাল। তবে গুজব ছড়ানো হলে, কিংবা অপমানজনক কথাবার্তা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
[আরও পড়ুন : অতিমারীতে বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ালে হতে পারে জেল, সিদ্ধান্ত ক্রেতা সুরক্ষা দপ্তরের]
সর্বশেষ খবর
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!