স্টাফ রিপোর্টার: নর্দমা সাফাই করতে গিয়ে বাতিল পাঁচশোর নোটের বান্ডিল পেলেন এক সাফাইকর্মী৷ শনিবার সে টাকা পাওয়ার পর সোমবার স্থানীয় কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায়ের নির্দেশে পুলিশের কাছে সে টাকা জমা দেন তিনি৷ বিধাননগর পুরনিগমের ওই সাফাইকর্মীর নাম হারাধন নস্কর৷ শনিবার সকালে রঘুনাথপুরের সরকার বাগানে নর্দমা পরিষ্কার করার সময় জলে ভেজা পাঁচশো টাকার বাতিল নোটের বান্ডিল পড়ে থাকতে দেখেন তিনি৷ টাকাটি পেয়ে রীতিমতো ভয় পেয়ে যান তিনি৷ রবিবার পুরনিগমে ছুটি থাকায় টাকাটি নিজের কাছেই রেখে দেন৷ সোমবার সাতসকালে পুরপিতা মণীশবাবুর দ্বারস্থ হন হারাধনবাবু৷ পুরো বিষয়টি পুরপিতাকে জানানোর পর তিনি তৎক্ষণাৎ হারাধনবাবুকে থানায় টাকাটি জমা দিতে বলেন৷ পুরপিতার কথা মতো সোমবার বাগুইআটি থানায় পাঁচশোর নোটের বান্ডিলটি জমা দিয়ে আসেন হারাধনবাবু৷ পুলিশ সূত্রে জানা যায়, বান্ডিলটিতে পনেরো হাজার টাকা ছিল৷
একদিকে যেমন দারিদ্রের মধ্যে সততার নজির দেখালেন হারাধনবাবু ঠিক তার বিপরীত একটি ঘটনার সাক্ষ্মী হয়ে থাকল হাবড়া৷ এক বান্ডিল জাল নোট ব্যাঙ্কে জমা দিতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক৷ একটা দু’টো নয়, এক সঙ্গে ২৩টা জাল হাজার টাকার নোট সমেত ধরা পড়ে সে৷ সোমবার সকালে উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় টাকা জমা দিতে আসে ওই যুবক৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুমিত রায়৷ বাড়ি হাবড়ার বাণীপুর এলাকায়৷ নিজের অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা জমা দেওয়ার জন্য টাকার বান্ডিল ব্যাঙ্ক কর্মীর হাতে দিতেই ধরা পড়ে যায় সে৷ ব্যাঙ্কের কর্মীদের থেকে জানা যায়, মোট ২৩টি জাল নোট ছিল ওই বান্ডিলে৷ তৎক্ষণাৎ হাবড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সুমিতকে গ্রেফতার করে৷ এত জাল নোট সে কোথা থেকে পেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হবে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার