পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন বেহালার নস্করপুর সার্বজনীনের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: বিশ্ব উষ্ণায়ণের জেরে অস্তিত্ব সংকটে সবুজায়নের। ইট-কাঠ-কংক্রিটের জঙ্গলের বাঁধনে হাঁসফাঁস অবস্থা মানুষের। যথেচ্ছ বৃক্ষচ্ছেদনের জেরে নিশ্চিহ্ন হওয়ার মুখে সবুজ। সেই গাছেরই একটা অংশ হল পাতা। কিন্তু গাছ থেকে ঝরে যাওয়ার পর আর কোনও মূল্য থাকে না। কিন্তু এই বৃক্ষপল্লবই অনেক বার্তা বয়ে আনে। পাতাঝরার মরশুম শেষে আবার যখন সবুজে ভরে ওঠে গাছ, তখন নূতনের ইঙ্গিত দেয়। তাই পক্ষান্তরে উষ্ণায়ণের বলি গাছের পাতাই এবার পুজোর শহরে চমক হিসাবে নিয়ে আসছে বেহালার নস্করপুর সার্বজনীন। ৫৭তম বর্ষে পা দিয়ে তাদের থিম- পল্লবী। দেবী দুর্গার আরেক নামও কিন্তু পল্লবী। গাছের পাতা দিয়েই এবছর শারদ অর্ঘ্যের আয়োজনে দক্ষিণের এই নামী পুজো।
বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। ঠিক তেমনই থিমের নামেই রয়েছে ভাবনার পরিচয়। থিমমেকার সঞ্জীব সাহা পুজোর শহরে বেশ পরিচিত নাম। তাঁর সৃজনেই এবার তৈরি হচ্ছে পুজোমণ্ডপ। গাছের পাতাই মণ্ডপসজ্জার মূল আকর্ষণ। বহু প্রজাতির গাছের পাতা ব্যবহার করা হয়েছে গোটা মণ্ডপে। শিল্পীর ভাষায়, এমন এমন কিছু গাছের পাতা এই মণ্ডপে ব্যবহৃত হয়েছে যেগুলি অনেকেরই অজানা। যার বেশিরভাগই শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে আনা হয়েছে মণ্ডপসজ্জায়। পাতার উপর রয়েছে ওড়িশার রঘুনাথপুরের শিল্পীদের কাজ। মূলত, সবুজায়নকে মাথায় রেখেই এই থিমভাবনা শিল্পীর। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়া হচ্ছে প্রতিমা। প্রতিমা গড়ছেন শিল্পী নিখিল মিস্ত্রি। আবহ সংগীতের দায়িত্ব রয়েছেন শিল্পী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। মণ্ডপসজ্জায় আলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই দায়িত্বে রয়েছেন রঞ্জন সাধুখাঁ।
গতবছর শিল্পী অরুণ সরকারের সৃজনে নস্করপুরে বহুবলধারিণী ঋতুদলধারিণী দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছিল। পুজোপ্রেমীদের ভূয়সী প্রশংসা পেয়েছিল এই পুজো। এবার সঞ্জীব সাহার সৃজনে মণ্ডপসজ্জা পুজোর শহরে কতটা চোখ টানে সেটাই দেখার।
কেমন চলছে প্রস্তুতির কাজ, দেখুন ভিডিওয়-
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?


