সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির টোপে সৌদি আরবে গিয়ে বিপাকে বাঙালি যুবক৷ অভিযোগ, অটোমোবাইল সংস্থায় ভাল চাকরির বদলে উট খামারে দাসবৃত্তি করতে হয়েছে কলকাতার জয়ন্ত বিশ্বাসকে৷ জয়ন্তকে উদ্ধার করতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানাল তাঁর পরিবার৷
পরিবারের কথা অনুযায়ী, অটোমোবাইলে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির খোঁজে ছিলেন জয়ন্ত৷ সেই সময় দিল্লির এক এজেন্টের সঙ্গে পরিচয় হয় তাঁর৷ এক লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবের অটোমোবাইল সংস্থায় চাকরির প্রস্তাব দেয় সে৷ সেই টাকা এজেন্টকে দিয়েও দেয় জয়ন্তর পরিবার৷ এরপর পর্যটক ভিসায় জয়ন্তকে রিয়াধে নিয়ে যাওয়া হয় ওই এজেন্টের সংস্থার পক্ষ থেকে৷ বলা হয় তিন মাস ওখানে থেকে কাজ করলেই ওয়ার্কিং ভিসা পাওয়া যায়৷
কিন্তু রিয়াধে জয়ন্তকে নিয়ে গিয়ে এক বিত্তবান সৌদি নাগরিকের হাতে বেচে দেওয়ার বলে অভিযোগ তাঁর দিদি গৌরী বিশ্বাসের৷ তাঁর কথায়, সেখানে জয়ন্তকে উটের খামারে কাজ করতে বাধ্য করা হয়৷ মাত্র একবেলা খেতে দেওয়া হত তাঁকে৷ কোনওক্রমে সেখান থেকে পালিয়ে ভারতীয় দূতাবাসে যোগাযোগও করেছিলেন জয়ন্ত৷ কিন্তু, যার কাছে তাঁকে বিক্রি করা হয়েছিল সেই সৌদি নাগরিক জয়ন্তর বিরুদ্ধে ১০,০০০ রিয়্যাল চুরির অভিযোগ আনে৷ রিয়াধ পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়৷ সেখান থেকে বাড়িতে যোগাযোগ করে জয়ন্ত৷ উদ্বিগ্ন পরিবার সেই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে৷ কিন্তু, এজেন্টের সংস্থার তরফে জানানো হয় ৩৫,০০০ টাকা দিলে ছাড়িয়ে আনা হবে তাঁকে৷ ২৭ অক্টোবর জেল থেকে ছাড়াও পান বাঙালি যুবক৷ কিন্তু এরপর থেকেই তাঁর কোনও খবর পরিবারের কাছে নেই বলে জানিয়েছেন জয়ন্তর দিদি৷
পুরো ঘটনা কেন্দ্রীয় বিদেশমন্ত্রকে জানিয়েছেন জয়ন্তর বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিদেশ মুলুক থেকে ছেলেকে উদ্ধার করে আনার আর্জি জানিয়েছেন তিনি৷ যদিও এখনও পর্যন্ত বিদেশমন্ত্রকের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷
সর্বশেষ খবর
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?