মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বারাসতের কামদুনির (Kamduni) নির্যাতিতার পরিবার। ‘বিচার হবে’, এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার সকালে সল্টলেকের বিজেপির কার্যালয়ে জনতার দরবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই কামদুনিতে ‘ধর্ষণ ও খুন’ হওয়া কলেজ ছাত্রীর পরিবার বিচার চেয়ে হাজির হন। মৃতার মা ও ভাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, কামদুনির (Kamduni) ঘটনার বিচার হবে। সুপ্রিম কোর্টে ওই মামলা বিচারাধীন আছে। আদালতে রাজ্যের তরফে কোনও বিরোধিতা হবে না। রাজ্যের তরফে আইনজীবীরা পরিবারের পাশে থাকবেন। রাজ্যে ক্ষমতা বদলের পরই কামদুনি মামলার ফের তদন্তের দাবি তোলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান, ফের খুলবে কামদুনি ফাইলস। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আশ্বস্ত হয়েছেন নির্যাতিতার মা ও ভাই। এবার মেয়ের মৃত্যুর বিচার হবে, সেই আশায় বুক বেঁধেছেন নির্যাতিতার মা।
তৃণমূল জমানায় বারাসতের কামদুনির ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। ২০১৩ সালে কামদুনিতে এক ২০ বছর বয়সী কলেজছাত্রীকে অপহরণ, গণধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনায় প্রবল ক্ষোভ দেখা দিয়েছিল এলাকায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় কামদুনি গিয়েছিলেন। বিক্ষোভ-প্রতিবাদ হয়েছিল তাঁর সামনেও। অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে মাওবাদীরা আছে, এমনই মন্তব্য করেছিলেন তিনি! টুম্পা ও মৌসুমিকেও পরবর্তীকালে তৃণমূলের রোষানলে একাধিকবার পড়তে হয়েছিল।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মৌসুমি কয়াল, টুম্পা কয়ালরা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী সবই জানেন, ওনার অজানা কিছুই নয়। কামদুনির আন্দোলন কেবল আমাদের ছিল না, মুখ্যমন্ত্রীরও ছিল। মুখ্যমন্ত্রীও কামদুনি আন্দোলনে সামিল হয়েছিলেন। দ্রুত কামদুনি ফাইলস খোলা হবে। একমাসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন
-
অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব পুলিশের
-
নিজ ভূমেই বর্ণবৈষম্য! ‘সংঘ ঘৃণা ছড়াচ্ছে’, ভগবতের সফরের মাঝেই তোপ মার্কিন কমিশনের
-
‘যাঁরা ভাবেন ভারতে মুসলিমদের ঠাঁই নেই তাঁরা হিন্দুই নন’, আমেরিকায় বললেন মোহন ভাগবত
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি