স্টাফ রিপোর্টার: কন্ট্রোলরুমে আগুন লাগার খবর আসার ৭০ মিনিট পর ঊর্ধ্বতনকে জানিয়েছিলেন৷ এই গাফিলতির দায়ে শো-কজ হলেন এক দমকল কর্তা৷ একইসঙ্গে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷
আগুন লাগলে প্রায়ই অভিযোগ ওঠে, দেরিতে দমকল পৌঁছনোয় ক্ষয়ক্ষতি বেড়ে গিয়েছে৷ দফতরের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে কড়া নজরদারি রেখেছিলেন রাজ্যের নয়া দমকলমন্ত্রী৷ ভাঙড়ের বড়ালি শিল্পতালুকের এক অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে দমকল পৌঁছনোর কারণ অনুসন্ধানে গাফিলতির ঘটনা জানতে পারেন তিনি৷ ওই দিন আগুন লাগার খবর দমকলের কন্ট্রোলরুমে আসার ৭০ মিনিট বাদে দায়িত্বে থাকা দমকলের অফিসার কে এন ভট্টাচার্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন৷
স্বভাবতই আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নিতে দেরি হয় দমকল দফতরের৷ যদিও খবর আসার সঙ্গে সঙ্গেই দমকলের মন্ত্রী ও ডিজি-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোই রীতি৷ কারণ, খবর পাওয়ার পর আগুন নেভাতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে থাকেন মন্ত্রী ও ডিজিই৷ কিন্তু মঙ্গলবার ভাঙড়ের বড়ালি শিল্পতালুকের তা করা হয়নি৷
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ ভাঙড়ের বাসিন্দারা তাঁকে অভিযোগ করেন, খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর দমকল এসেছে৷ বিষয়টি নিয়ে গোপনে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মন্ত্রী৷ জানা যায়, কণ্ট্রোলরুমে ডিউটিতে থাকা অফিসার কে এন ভট্টাচার্য খবর পাওয়ার পর ঊর্ধ্বতনকে না জানিয়ে কার্যত ‘চুপ করে বসে ছিলেন’৷ তাই শো-কজ করা হয়েছে তাঁকে৷
সর্বশেষ খবর
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’