পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন গৌরীবেড়িয়া সর্বজনীনের পুজো প্রস্তুতি৷
সুলয়া সিংহ: গত বছর পর্যন্তও প্রতিবেশী পাড়ার থিম পুজো দেখতে যখন লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন দর্শনার্থীরা, তখনও এ পুজো সাবেকিয়ানার খোলস ছেড়ে বেরোয়নি৷ থিমের হাত ধরে দু’প্রান্তে উল্টোডাঙা এবং হাতিবাগানে ঢুকেছে একের পর এক পুরস্কার৷ এ পুজো তখন লোকচর্চার থেকে অনেকটাই দূরে৷ অবশেষে সেই মিথ ভাঙল৷ সাবেকিয়ানার খোলস ছেড়ে থিমে গা ভাসাল এ পুজোও৷ আর প্রথমবার থিমের পোশাক পরানোর জন্য ডাক পড়ল কলকাতার বিখ্যাত শিল্পী অমর সরকারের৷ হ্যাঁ, ঠিক ধরেছেন৷ কথা হচ্ছে গৌরীবেড়িয়া সর্বজনীনের৷ শিল্পী অমর সরকারের হাত ধরেই যে পুজো এবার দীর্ঘদিনের ট্র্যাডিশনে ইতি টেনে শামিল হল থিমের লড়াইয়ে৷
[প্রকৃতির প্রশ্নে ৫০ বছর এগিয়ে উত্তরের খোঁজে টালা বারোয়ারি]

প্রথমবার থিমের পুজো৷ দায়িত্বটা নেহাত সহজ ছিল না অমর সরকারের কাছে৷ কিন্তু যাঁর হাত ধরে এ শহরের মানুষ থিম পুজোর সঙ্গে পরিচিত হয়েছেন, তিনি নতুন কিছু করার চ্যালেঞ্জকে উপভোগই করেন৷ আর তাই নিজের শিল্প ভাবনা দিয়ে মণ্ডপে অপরূপ এক বিশ্ব-ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তিনি৷ থিমের নাম- যেদিকে তাকাই, তোমাকেই পাই৷ জল, স্থল, অন্তরীক্ষ৷ মায়ের অস্তিত্ব সর্বত্র৷ সবই মায়ের দান৷ আর প্রাণীজগতও নির্ভরশীল এই জল, স্থল, বায়ুর উপরই৷ তাই সুস্থায়ী উন্নয়ন পেতে হলে মানবজাতিকে আরও ভালভাবে এই প্রকৃতিকে কাজে লাগাতে হবে৷ মণ্ডপসজ্জার মধ্যে থাকছে সেই বার্তাই৷ জলে যেমন ভাসবে নৌকা তেমনই স্থলে শোভা পাবে শরতের শিউলি ফুল৷ আর সবশেষে হবে নতুন ভোর৷
[পুজোয় যন্ত্রযুগের যন্ত্রণা থেকে বেরনোর ডাক হাতিবাগান নবীন পল্লিতে]

এ শহর জানে, অমর সরকার একা পুজো করেন না৷ তাঁর সঙ্গে যুক্ত থাকে তাঁর পরিবারও৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ কারণ গৌরীবেড়িয়া সর্বজনীনের থিমের আবহ করছেন তাঁর একমাত্র কন্যা অদ্রিকা সরকার৷ পুজো এবার থিমে প্রবেশ করলেও প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া৷ বিখ্যাত প্রতিমা শিল্পী তরুণ দের হাতে সেজে উঠেছে মা৷ সবমিলিয়ে ঐতিহ্যবাহী এ পুজোর পরতে পরতে এবার অভিনবত্বের ছোঁয়া৷ প্রথমবার থিম শিল্পে সেজে ওঠা মণ্ডপ দেখে মুগ্ধ হবেন দর্শনার্থীরা, আশায় বুক বেঁধেছেন উদ্যোক্তরা৷
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?